কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে পাকিস্তান। টিম ম্যানেজমেন্ট দুই স্পিনার ও দুই পেসারকে একাদশে রাখতে চাইছে, তবে কোন একজন অলরাউন্ডারকে বাদ দেওয়া হবে, সেটিই এখন প্রধান দুশ্চিন্তা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলী আগা বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও উসমান তারিককে খেলাতে চান। পেস আক্রমণে থাকবেন শাহীন শাহ আফ্রিদি ও সালমান মির্জা। অন্যদিকে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের মধ্যে একজনকে বাইরে রাখতে হতে পারে।
ব্যাটিং অর্ডারে শীর্ষ পাঁচে নাম থাকা খেলোয়াড়রা হলেন সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, বাবর আজম ও উসমান খান (উইকেটকিপার)। ছয় ও সাত নম্বর পজিশন নির্ভর করবে কোন অলরাউন্ডার বাদ পড়েন তার ওপর।
দলীয় বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ভারতের দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় বাঁহাতি স্পিনার নওয়াজকে বসানো হতে পারে। অন্যদিকে ফাহিমকে খেলালে তিনি ব্যাটিংয়ে শক্তিশালী এবং প্রয়োজনে তৃতীয় পেসার হিসেবে ভূমিকা রাখতে সক্ষম। শাদাবের লেগস্পিনও বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে।
শেষ পর্যন্ত একাদশ নির্ভর করবে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট ও আবহাওয়ার ওপর। পাকিস্তান এই টুর্নামেন্টে প্রথমবার এই মাঠে খেলতে যাচ্ছে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ, উসমান তারিক।
বিডি প্রতিদিন/মুসা