প্রথম দুই আসরের পর চলতি বছরও মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। আয়োজকেরা ইতোমধ্যে তৃতীয় আসরের সূচি প্রকাশ করেছেন।
সূচি অনুযায়ী, আগামী ২৩ জুলাই টুর্নামেন্টের পর্দা উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১ আগস্ট। আগের মতো এবারও পাঁচ দল নিয়ে গায়ানায় হবে আসরটি। অংশগ্রহণের নিয়মেও থাকছে ধারাবাহিকতা—বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে এই প্রতিযোগিতায়।
এবারের আসরের মোট প্রাইজমানি ধরা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার।
২০২৪ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার একটি ভিক্টোরিয়াভিত্তিক ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে তারা। সে সময় বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ না নেওয়ায় সুযোগ পায় রংপুর।
দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন হিসেবে আমন্ত্রণ পায় রংপুর। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-এর কাছে হেরে রানার্সআপ হয় তারা।
এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। সবকিছু ঠিক থাকলে তৃতীয় আসরে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জিমি নিশাম ও কেইন উইলিয়ামসনদের মতো ক্রিকেটারদের।
বিডি-প্রতিদিন/সুজন