ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের উত্তেজনা শেষে এবার শুরু হতে যাচ্ছে সুপার এইটের লড়াই। বুধবার কলম্বোয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে এই পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে স্বাগতিক ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার এইটে উত্তীর্ণ হয়েছে। বিশেষ করে এবারের আসরে প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে জিম্বাবুয়ের সুপার এইটে জায়গা করে নেওয়া অন্যতম বড় চমক হিসেবে দেখছে ক্রিকেট বিশ্ব।
সুপার এইটের লড়াইকে সামনে রেখে দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে। গ্রুপ ১-এ লড়াই করবে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। অন্যদিকে গ্রুপ ২-এ লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড, সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং স্বাগতিক শ্রীলঙ্কা। আসন্ন ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যত অর্জন করতে হলে এবারের সুপার এইটে স্থান পাওয়াটা দলগুলোর জন্য অত্যন্ত জরুরি ছিল, যা এই আটটি দল ইতিমধ্যেই নিশ্চিত করেছে।
সুপার এইটের এই হাই-ভোল্টেজ লড়াই শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। স্বাগতিক ভারতের অভিযান শুরু হবে ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। এরপর ২৬ ফেব্রুয়ারি চেন্নাইতে জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবেন সূর্যকুমার যাদবরা। সব কটি ম্যাচই হবে ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই এবং শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডির মতো গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে। প্রতিটি ম্যাচকে ঘিরেই এখন ভক্তদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
গ্রুপ-২ এর লড়াই শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। ২২ ফেব্রুয়ারি ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৪ ফেব্রুয়ারি একই মাঠে লড়বে ইংল্যান্ড ও পাকিস্তান। ২৫ ফেব্রুয়ারি কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৭ ফেব্রুয়ারি কলম্বোয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের লড়াই হবে এবং ২৮ ফেব্রুয়ারি ক্যান্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
বিডি প্রতিদিন/নাজমুল