পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসেই সাফল্যের দেখা পেলেন কর্বিন বশ। পরে আরও দুই উইকেট নিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চমৎকার বোলিংয়ে একটি মাইলফলকও স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।
দিল্লিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বল হাতে জ্বলে ওঠেন বশ। চার ওভারে স্রেফ ১২ রান খরচায় তিন উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিন একশ উইকেটের সীমানায় পা রাখেন বশ। এই সংস্করণে ১১৫ ম্যাচে তার উইকেট সংখ্যা এখন ঠিক ১০০। আর দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮ ম্যাচে তার উইকেট হলো ২৭টি।
ম্যাচটিতে আরেকটি কীর্তি গড়েন বশ। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩১ বছর বয়সী বশ বলেন, শত উইকেটের মাইলফলক ছুঁয়ে ভীষণ খুশি তিনি। বশ জানান, এটা অসাধারণ। আমার বিশ্বাসই হচ্ছে একশ উইকেট নিয়েছি। নিজেকে নিয়ে গর্বিত, তবে আরও অনেক কিছু করতে হবে।
ম্যাচে নিজের দ্বিতীয় বলে আরিয়ানশ শার্মাকে বিদায় করেন বশ। পরে দশম ওভারে বোলিংয়ে এসে ফের দ্বিতীয় বলেই শিকার ধরেন তিনি, এবার ফেরান ছন্দে থাকা সোহাইব খানকে। নিজের ও ইনিংসের শেষ ওভারেও উইকেটের দেখা পান বশ দ্বিতীয় বলে। মুহাম্মাদ আরফানকে ড্রেসিং রুমে পাঠান এই পেসার।
দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিপক্ষে বেশিদূর যেতে পারেনি আরব আমিরাত। তাদের ১২২ রান ৪০ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জিতে যায় প্রোটিয়ারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ