ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরতে পারছিলেন না ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। অবশেষে আইসিসির বিশেষ চার্টার্ড প্লেনে করে চলতি সপ্তাহান্তেই তাদের ভারত ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
ইএসপিএন-ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভারতের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা হবে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতা থেকে আরেকটি চার্টার্ড ফ্লাইটে ভারত ত্যাগ করবে।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল প্রথমে জোহানেসবার্গে যাবে এবং সেখান থেকে অ্যান্টিগার উদ্দেশে রওনা হবে। যদিও তাদের প্রস্থানের সঠিক সময় এখনো নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তারা রবিবার রওনা হবে। দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ (যার মধ্যে রয়েছেন কেশব মহারাজ, জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং টিম ম্যানেজমেন্ট) রবিবার সরাসরি নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ১৫ মার্চ থেকে একটি সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা দল কলকাতাতেই অবস্থান করছে। অন্যদিকে, গত ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলও কলকাতায় আটকা পড়ে আছে।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’-এ (সাবেক টুইটার) ‘ষষ্ঠ দিন’ লিখে একটি পোস্ট করেছেন। এর মাধ্যমে তিনি টুর্নামেন্ট শেষ হওয়ার পর কলকাতায় ৬ দিন ধরে আটকে থাকার দিকে ইঙ্গিত করেছেন। শুধু এই তিন দেশই নয়, জিম্বাবুয়ে দলও ১ মার্চ তাদের শেষ ম্যাচ খেলে ভারত ছাড়তে সমস্যায় পড়েছিল। তবে ৪ মার্চ তাদের দলের কিছু সদস্য দেশ ত্যাগ করতে সক্ষম হন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে রবিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচটি শেষ হওয়ার পরই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
সূত্র : ইএসপিএন।
বিডি-প্রতিদিন/বাজিত