টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অন্যতম ভরসার ব্যাটসম্যান ছিলেন অভিষেক শর্মা। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও তিনি এখনও শীর্ষস্থানে রয়েছেন। তবে আসরের ফাইনালের আগে এই ওপেনারকে একাদশ থেকে বাইরে রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
অভিষেকের সাম্প্রতিক অফফর্মই এমন আলোচনার মূল কারণ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে মাত্র ৮৯ রান করেছেন তিনি। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ রানের একটি ইনিংস ছাড়া বাকি ম্যাচগুলোতে তার সংগ্রহ- ০, ০, ০, ১৫, ১০ ও ৯ রান। এমন পারফরম্যান্সের কারণে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, বড় ম্যাচের আগে দলে পরিবর্তন আনা অস্বাভাবিক কিছু নয়। উদাহরণ হিসেবে তিনি ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিংয়ের কথাও উল্লেখ করেন। কাইফের মতে, অফফর্মে থাকায় ভারতের বিপক্ষে ম্যাচে কিংয়ের বদলে রোস্টন চেজকে ওপেন করানো হয়েছিল এবং সেটি দলকে নতুন ভারসাম্য দেয়।
কাইফ বলেন, 'ভারত চাইলে অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। সে ইতোমধ্যে অনেক ম্যাচ খেলেছে। সংক্ষিপ্ত সংস্করণে পরিবর্তন আনা সম্ভব। যেমন ওয়েস্ট ইন্ডিজ ব্রেন্ডন কিংকে কয়েক ম্যাচ সুযোগ দেওয়ার পর বড় ম্যাচের আগে বিশ্রাম দিয়েছে।'
অভিষেক একাদশের বাইরে থাকলে বিকল্প নিয়ে ভারতের খুব একটা চিন্তা নেই বলেও মনে করেন কাইফ। তার মতে, তিন নম্বরে খেলা ইশান কিষান প্রয়োজনে ওপেন করতে পারেন। এছাড়া রিংকু সিংও ভালো বিকল্প হতে পারেন।
কাইফ বলেন, 'ভারতের পরীক্ষিত খেলোয়াড় রয়েছে। রিংকু সিং সব ফরম্যাটেই রান করে। ডাগআউটে যখন এমন খেলোয়াড় বসে থাকে, তখন ফর্মে না থাকা কাউকে দলে রাখার খুব একটা অর্থ নেই।'
এদিকে স্পিনার বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স নিয়েও আলোচনা হচ্ছে। আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি এক নম্বর বোলার হলেও সাম্প্রতিক ম্যাচে খুব একটা সফল নন। সর্বশেষ সেমিফাইনালে ৪ ওভারে ৬৪ রান দেন তিনি। তবু কাইফের বিশ্বাস, ফাইনালে তাকে দলে রাখবে ভারত।
অভিষেকের সঙ্গে সঞ্জু স্যামসনের তুলনাও টেনেছেন কাইফ। তার মতে, আইসিসি টুর্নামেন্টে অভিজ্ঞতার দিক থেকে স্যামসন অনেক এগিয়ে।
কাইফ বলেন, 'আইসিসি টুর্নামেন্টে অভিষেক এখনও নতুন। অন্যদিকে সঞ্জু স্যামসন টি–টোয়েন্টিতে ৮ হাজারের বেশি রান করেছে এবং আইপিএলের অন্যতম প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। অভিষেকের প্রতিভা আছে, তবে তাকে আরও সময় নিয়ে নিজের খেলায় উন্নতি করতে হবে।'
বিডি প্রতিদিন/মুসা