টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ব্র্যাড হাডিনের মতে, ভারতের মাটিতে খেলতে হলেও কিউইরা স্বাগতিকদের ভয় পায় না।
রবিবার আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। বেশিরভাগ বিশ্লেষক এই ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও হাডিন মনে করেন, সঠিক মানসিকতা নিয়ে খেলতে পারলে ম্যাচ জিততে পারে নিউজিল্যান্ড।
এর আগে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড, তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় তাদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে কিউইদের সামনে।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে কোনো সিরিজ হারেনি তারা। যদিও চলতি আসরের কয়েকটি ম্যাচে কিছুটা নড়বড়ে দেখা গেছে দলটিকে, তবে ফাইনালের আগে আবারও ছন্দে ফিরেছে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
বিশ্বকাপের আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। সেখানে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল তারা। সব মিলিয়ে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ১৬টি টি-টোয়েন্টির মধ্যে কিউইদের জয় মাত্র পাঁচটিতে। তাই পরিসংখ্যানের দিক থেকে ভারতই এগিয়ে।
তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা নিউজিল্যান্ডকে আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করেন হাডিন।
‘উইলো টক’ ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, ফাইনালে নিউজিল্যান্ডের বড় ভরসা হতে পারেন ওপেনার ফিন অ্যালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দ্রুততম সেঞ্চুরি করে নজর কাড়েন তিনি।
হাডিন বলেন, ‘ফিন অ্যালেন যদি ফাইনালে ছন্দ পেয়ে যায়, তাহলে সে এমন একজন ব্যাটসম্যান যে ভারতের ঘরের মাঠে তাদের আনন্দ মাটি করে দিতে পারে। আমি যদি ভারত দলের অংশ হতাম, তাহলে ফাইনালে যাদের বিপক্ষে খেলতে চাইতাম না, তাদের একটি দল হলো নিউজিল্যান্ড।’
তার মতে, ‘ভারতের মাটিতে ভারতকে ভয় পায় না নিউজিল্যান্ড। তারা এখানেই টেস্ট সিরিজ জিতেছে। একই মানসিকতা নিয়ে খেলতে পারলে এবং ফিন অ্যালেন যদি স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে, তাহলে ভারত বড় চাপে পড়বে।’
এদিকে নিউজিল্যান্ডের জয় দেখতে চান আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ন্যাথান লায়ন। তার মতে, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।
লায়ন বলেন, ‘ফাইনালে আমি নিউজিল্যান্ডকেই সমর্থন করছি। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তারা কীভাবে মিচেল স্যান্টনারকে সামলায়। সে দলের অধিনায়ক এবং এই ধরনের উইকেটে খুবই মিতব্যয়ী বোলিং করে।’
বিডি প্রতিদিন/মুসা