আগামী ১১ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজকে সামনে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ আরও কয়েকজন স্টাফ ঢাকায় এসে পৌছেছিল।
রবিবার (৮ মার্চ) তাদের সঙ্গে যোগ দিলেন পাকিস্তান ক্রিকেট দলও। ভোরে ঢাকায় পা রেখেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সরাসরি টিম হোটেলে যান।
তবে আগামীকাল সোমবার (৯ মার্চ) ঢাকায় আসার কথা ছিল শাহীন শাহ আফ্রিদিদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার সিরিজ পূর্ণাঙ্গই হওয়ার কথা ছিল। পাকিস্তান সুপার লিগের কারণে এ সিরিজ ভাঙা পড়েছে, সঙ্গে কলেবরও ছোট হয়েছে। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ এর অংশ থাকলেও ক্ষুদ্রতর ফরম্যাটে আর খেলা হবে না দুই দলের। চলতি সফরে ওয়ানডে খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান। এরপর আগামী মে মাসের দিকে ২ টেস্টের সিরিজ খেলতে আসবে দলটি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ সিরিজ বাতিলের একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা দূরে রেখে এ সিরিজ যথাসময়েই মাঠে গড়াচ্ছে।
বিডি প্রতিদিন/কামাল