তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও।
এমন পরিস্থিতিতে আগামী ২৫–২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলে এই সভা অনুষ্ঠিত হতে পারে, তবে নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
শনিবার (৭ মার্চ) আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগের দিন, সদস্য দেশগুলোর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আইসিসি এখন এশিয়া মহাদেশের অন্য কোনো স্থানে সভাটি আয়োজন করার জন্য নতুন ভেন্যু খুঁজছে। এই সভায় আইসিসির বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষ নেতৃত্ব একত্রিত হওয়ার কথা ছিল। সংস্থার নিয়মিত প্রশাসনিক কার্যসূচির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্য ছিল।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, কাতারে ক্রিকেটের ক্রমবর্ধমান উন্নয়ন ও দেশটির বিস্তৃত ক্রীড়া পরিবেশের কারণে দোহাকে সভার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। আইসিসি আরও বলেছিল, কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির সহযোগিতা কাতারে ক্রিকেটের উল্লেখযোগ্য অগ্রগতি ত্বরান্বিত করেছে।
এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আইসিসির অনেক কর্মকর্তা আহমেদাবাদে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এটি আইসিসির চেয়ারম্যান জয় শাহের নিজ শহর। নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টোয়েস রোববার (৮ মার্চ) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
এছাড়া জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুখুহলানি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসাজিসহ আরও কয়েকজন বোর্ড প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/কামাল