অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারলো না ভারত। সিরিজের একমাত্র টেস্টে তৃতীয় দিনই হেরে হরমনপ্রীতরা। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১০ উইকেটের জয়ে মাল্টি ফরম্যাটের সিরিজ ১২-৪ ব্যবধানে জিতে নিলো অস্ট্রেলিয়া।
এই জয়ের মধ্যে দিয়ে অজিদের জার্সিতে জয় দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন অ্যালিসা হিলি। যদিও বিদায়ী ম্যাচে ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি হিলি। কারণ দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রানের লক্ষ্য ছুঁতে কোনো উইকেট পড়তে দেননি দুই ওপেনার জর্জিয়া ভোল ও ফিবি লিচফিল্ড। ম্যাচে নিজের একমাত্র ইনিংসে ১৩ রান করে আউট হয়েছিলেন হিলি।
গোলাপি বলের টেস্টে দুই ইনিংসের একটিতেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ভারত। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় সফরকারী। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেস। ৪৬ রানে ৪ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩২৩ রান করে অস্ট্রেলিয়া। তারা পেয়ে যায় ১২৫ রানের লিড। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ১৭১ বলে ১২৯ রানের ইনিংস খেলেন অ্যানাবেল সাদারল্যান্ড। অভিজ্ঞ অলরাউন্ডার এলিসা পেরির ব্যাট থেকে আসে ১১৬ বলে ৭৬ রান। এই ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়ার হয়ে নারী টেস্টে সর্বোচ্চ মালিক এখন পেরি। ১০০২ রান করা কারেন রল্টোনকে টপকে তার নামের পাশে এখন ১০০৬ রান। ভারতের হয়ে ৪টি উইকেট নেন অভিষিক্ত সায়ালি সাতঘার।
দ্বিতীয় ইনিংসে আরও বাজে অবস্থা হয় ভারতের। এবার মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় তারা। অভিষিক্ত প্রতিকা রাওয়ালের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। সাদারল্যান্ড এবার নেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে হিলির বিদায়ী ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাদারল্যান্ডই।
এর আগে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। এই টেস্ট দিয়েও অস্ট্রেলিয়ার জার্সিতে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন অধিনায়ক অ্যালিসা হিলি।
হিলি বেশি সফল সাদা বলের ক্রিকেটে। ওয়ানডে ফরম্যাটে ১২৬ ম্যাচে ৩৭.০৩ গড়ে ৩৭৭৭ রান করেছেন তিনি, আছে ৮টি শতক ও ১৯টি অর্ধশতক। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের অবিস্মরণীয় ইনিংস। এছাড়া ১৬২টি টি-টোয়েন্টি খেলে ২৫.০৩ গড় ও ১২৯.৮০ স্ট্রাইক রেটে করেছেন ৩০৫৪ রান। কোনো সেঞ্চুরি না হাঁকালেও এই ফরম্যাটে ৩টি অর্ধশতক হাঁকিয়েছেন হিলি।
বিডি প্রতিদিন/কামাল