টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নতুন রেকর্ড গড়েছে ভারত। নিজেদের আগের রেকর্ড ভেঙে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫৬ রান।
রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের টপ অর্ডার।
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি করে তিনি বিশ্বকাপ নকআট পর্বে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। তার তাণ্ডবে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত, যা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ। ২১ বলে ৫২ রান করে দলীয় ৯৮ রানে আউট হন অভিষেক।
এরপর সঞ্জু স্যামসন ও ইশান কিষানের জুটিতে রান তোলার গতি আরও বাড়ে। মাত্র ১৫ ওভারেই ২০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে ভারত। স্যামসন টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। ৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ৮৯ রান করে তিনি আউট হন।
৬ বলের ব্যবধানে স্যামসনসহ আরও দুই ব্যাটার আউট হলে ২০৪ রানে ৪ উইকেট হারায় ভারত। জিমি নিশাম ফেরান ২৫ বলে ৫৪ রান করা ইশান কিষান এবং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। গোল্ডেন ডাকে বিদায় নেন সূর্যকুমার। এরপর হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে আউট হলে ২২৬ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।
শেষ ওভারে আবারও রানবন্যা বইয়ে দেন শিভম দুবে। জিমি নিশামের করা শেষ ওভারের প্রথম বলেই দুবের ক্যাচ ফেলেন মিচেল স্যান্টনার। জীবন পেয়ে সেই ওভারে তিনটি চার ও দুটি ছক্কায় ২৪ রান তোলেন তিনি। ২৬ রানে অপরাজিত থাকেন দুবে, আর তিলক বর্মা অপরাজিত ছিলেন ৪ রানে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জিমি নিশাম। এছাড়া একটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র।
বিডি প্রতিদিন/মুসা