মাঠের লড়াইয়ের পর এবার নেটদুনিয়ায় নিজের চিরাচরিত রসিকতায় মেতে উঠলেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করার পরপরই বরুণের একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছে ক্রিকেট ভক্তদের মধ্যে।
গত রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল ভারত। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথমে ২৫৫ রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস ১৫৯ রানেই থেমে যায়।
এই ঐতিহাসিক জয়ের পর বরুণ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে দেখা যাচ্ছে এক হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি ধরে অন্য হাতে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন।
ক্রিকেটপ্রেমীদের বুঝতে বাকি নেই যে এই ‘চায়ের কাপ’ মূলত পাকিস্তানের দিকেই এক প্রচ্ছন্ন খোঁচা।
এর আগে, ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও বরুণ একই কাজ করেছিলেন। সেই সময় এক বিতর্কের জেরে ভারতীয় ক্রিকেটাররা পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ না করেই দেশে ফিরে এসেছিলেন। ট্রফি না থাকায় পরদিন সকালে বরুণ তার বিছানায় ট্রফির বদলে একটি মগের পাশে শুয়ে ছবি পোস্ট করেছিলেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি মজার ছলে জানিয়েছিলেন, ট্রফি সঙ্গে নিয়ে ঘুমানোর পরিকল্পনা থাকলেও তা না পাওয়ায় কফি কাপ দিয়েই তিনি কাজ চালিয়েছিলেন।
২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল অম্লমধুর। টুর্নামেন্টে ৩১ ওভার বল করে ২৮৭ রান খরচ করলেও ১৪টি উইকেট নিয়ে তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও তার এই ‘চায়ের কাপ’ উদযাপন এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত ও পাকিস্তান ক্রিকেটের চিরকালীন রেষারেষির মাঝে বরুণের এই বুদ্ধিদীপ্ত কৌতুক নেটিজেনদের কাছে দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কেএইচটি