পাকিস্তান ওয়ানডে দল বাংলাদেশ সফরের জন্য ঘোষণা করা স্কোয়াডে বাবর আজম ও সায়েম আইয়ুবকে রাখেনি। এ নিয়ে গণমাধ্যমে নানা প্রশ্ন উঠলেও দলের প্রধান কোচ মাইক হেসন স্পষ্ট করে বলেছেন, কাউকে পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়নি।
মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে হেসন বলেন, 'ঠাসা আন্তর্জাতিক সূচির মাঝে উদীয়মান ক্রিকেটারদের পরীক্ষা করার সুযোগ খুব কম পাওয়া যায়। তাই এই সিরিজকে তরুণদের দেখার ও পরখ করার মোক্ষম সুযোগ হিসেবে দেখছি। কাউকে বিশেষভাবে বাদ দেওয়া হয়নি। আমাদের লক্ষ্য নতুন মুখদের স্কিল এবং সামর্থ্য পরীক্ষা করা।'
হেসন আরও জানান, এবারের সফরে দলে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আছেন সাহিবজাদা ফারহান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া ছাড়াও ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ওয়ানডে ক্যাপ পাওয়ার দাবি জোরালো করেছেন।
তরুণ বাঁহাতি ব্যাটার শামিল হোসেন নিয়েও আশাবাদী হেসন। তিনি বলেন, 'শামিল একজন রোমাঞ্চকর প্রতিভা, যে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেও নিজের সামর্থ্য প্রমাণ করেছে। তিনি নতুন স্কোয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।'
বিডি প্রতিদিন/মুসা