বেশ কয়েক মাস ধরে চলা গুঞ্জনের পর অবশেষে আন্তোইনে অ্যাতলেটিকো মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন গ্রিজম্যান। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পরিষ্কার করে দিয়েছেন, আপাতত তার অগ্রাধিকার কোথায়।
মঙ্গলবার (১০ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গ্রিজমান একটি গোল ও একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন। তার অসাধারণ পারফরম্যান্সে অ্যাতলেটিকো মাদ্রিদ ৫–২ ব্যবধানে বড় জয় পায়। ম্যাচটি অনুষ্ঠিত হয় মেত্রোপলিতানো স্টেডিয়ামে।
ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মোভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজমান বলেন, আমি এখানে সত্যিই ভালো আছি, নিজেকে অনেক উপভোগ করছি। মাঠে আমি যা করি তা নিজেই আমার পক্ষে কথা বলে। আমরা দেখব কিন্তু ধারণাটি হল শেষ পর্যন্ত থাকা এবং তারপর অন্যরা কথা বলতে পারবে।
এই বক্তব্যের পর মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটির আশা আপাতত শেষ হয়ে গেছে। তারা বর্তমান এমএলএস ট্রান্সফার উইন্ডোতে গ্রিজমানকে ফ্লোরিডায় আনার চেষ্টা করছিল।
খবরে বলা হয়েছে, অরল্যান্ডো সিটির স্পোর্টিং ডিরেক্টর রিকার্ডো মোরেইরা সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে একাধিকবার স্পেনে গিয়েছিলেন। তবে অ্যাটলেটিকোর স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানি আগেই জানিয়ে দিয়েছেন, গ্রিজমান বর্তমান ক্লাবের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ এবং তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত রয়েছে।
খেলার সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, অরল্যান্ডো সিটি আপাতত বুঝে গেছে, এখনই এই ট্রান্সফার সম্ভব নয়। তবে তারা গ্রিজমানের 'ডিসকভারি রাইটস' ধরে রেখেছে এবং আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো (১৩ জুলাই শুরু) এ বিষয়টি আবার বিবেচনা করতে পারে।
গ্রিজমানের অ্যাটলেটিকোতে থাকার অন্যতম বড় কারণ হলো আসন্ন কোপা দেল রে ফাইনাল। আগাঈ ১৮ এপ্রিল তারা এই ফাইনালে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে। বার্সেলোনায় থাকার কারণে ২০২১ সালে অ্যাটলেটিকোর লা লিগা শিরোপা জয়ের সময় তিনি দলে ছিলেন না। তাই নিজের ইউরোপীয় ক্যারিয়ারের শেষ দিকে এসে বড় কোনো শিরোপা জিততে তিনি মরিয়া। ফাইনাল পর্যন্ত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে গ্রিজমান বলেন, 'এটাই আমার স্বপ্ন এবং লক্ষ্য। আশা করি আমরা বড় কিছু অর্জন করতে পারব।'
বিডি প্রতিদিন/কামাল