ভবিষ্যতে একাদশ নির্বাচনে প্যানেল আরও বেশি ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) নির্বাচক কমিটির প্রধান হাবিবুল বাশার।
শনিবার (১১ এপিল) আসন্ন নিউজিল্যান্ডের সফরকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডে ম্যাচের দল ঘোষণার সময় বাশার এ কথা বলেন। এদিন পাকিস্তান সিরিজে খেলা দলটিকেই কিউদের বিরুদ্ধে অপরিবর্তিত রেখে দল ঘোষণা করেছে বিসিবি।
মিরপুরে সাংবাদিকদের বাশার বলেন, এমন নয় যে আমরা একাদশ নির্বাচন করতে চাই, কিন্তু আমরা আমাদের মতামত দিতে চাই। যখন আমরা দল গঠন করি, তখন আমরা কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলি।
তিনি আরও বলেন,ধারাবাহিকতা বজায় রাখাটাই অগ্রাধিকার, আর একারণেই স্কোয়াড অপরিবর্তিত রাখা হয়েছে। গত সিরিজ পর্যালোচনা করে আমাদের মনে হয়েছে, এটি একটি সফল সিরিজ ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পায়নি এবং দলে নতুন মুখও ছিল।
বিসিবির নির্বাচক কমিটির প্রধান বলেন, আমাদের নীতি হলো, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর খেলোয়াড়দের যথেষ্ট সুযোগ দেওয়া। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতা বজায় রাখায় বিশ্বাসী, একারণেই আমরা একই স্কোয়াড রেখেছি।
বাশার জোর দিয়ে বলেন, বিশ্বকাপের আগে দলে বড় কোনো পরিবর্তন আনা হবে না। যদি কাউকে যাচাই করার প্রয়োজন হয়, তবে তা আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে করা হবে। দলের প্রথম অগ্রাধিকার হলো ম্যাচ জেতা। আমরা জেতার জন্য সেরা দল গড়ব এবং বিশ্বকাপকে মাথায় রেখে পরিকল্পনা করব, কিন্তু তা জয়ী মানসিকতার বিনিময়ে নয়।
তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে এবং তৃতীয়টি ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজটি ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে শুরু হয়ে ২ মে ঢাকায় শেষ হবে।
বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/কামাল