আইপিএল ও পিএসএলের মধ্যে তুলনা নতুন কিছু নয়, তবে এবার আবারও এ নিয়ে সরব হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুসো। তার মতে, দুই লিগই বিশ্বমানের হলেও পরিবেশ, কাঠামো ও ক্রিকেটের ধরনে বড় পার্থক্য রয়েছে।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে নেমে রাওয়ালপিন্ডি ম্যাচে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রুসো। ম্যাচসেরার মতো পারফরম্যান্সের পর সাইডলাইনে দাঁড়িয়ে তিনি দুই লিগ নিয়ে নিজের খোলামেলা মতামত দেন।
রুসো বলেন, আইপিএল ও পিএসএল দুটো লিগেই সুবিধা ও অসুবিধা আছে। তবে আইপিএল অনেক দীর্ঘ টুর্নামেন্ট হওয়ায় সেখানে চাপ, প্রস্তুতি এবং মিডিয়া কাভারেজ অনেক বেশি থাকে। একই সঙ্গে বলিউড এবং বড় আকারের বিনোদন জগতের উপস্থিতির কারণে আইপিএলকে অনেক সময় ক্রিকেটের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বিনোদন আয়োজন হিসেবে দেখা হয়। এই কারণে এটি অনেকটা “সিনেমার মতো” অনুভূতি দেয় বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে পিএসএল সম্পর্কে রুসোর মূল্যায়ন ভিন্ন। তার মতে, পিএসএল তুলনামূলকভাবে ছোট টুর্নামেন্ট হলেও এখানে প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি তীব্র। প্রতিটি দলই জয়ের জন্য সর্বোচ্চ লড়াই করে, আর মাঠের ক্রিকেটই এখানে মূল ফোকাস থাকে। সেই কারণেই পিএসএলকে তিনি “আসল ক্রিকেট” হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেটারও দুই লিগ নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা আইপিএল ছেড়ে পিএসএল বেছে নেওয়ার কারণ হিসেবে পারিশ্রমিকের অসন্তুষ্টি এবং নির্দিষ্ট ভূমিকা না পাওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিজের দক্ষতা আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পেতেই তিনি পিএসএলে খেলছেন বলে জানান।
রাইলি রুসোর ক্রিকেট ক্যারিয়ারেও আইপিএল গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রথম দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত থাকলেও সেসময় মাঠে নামার সুযোগ পাননি। পরে ২০১৪ সালে তার আইপিএল অভিষেক হয়। এরপর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মতো দলে খেলেছেন তিনি।
আইপিএলে তার পারফরম্যান্সে ওঠানামা ছিল। এখন পর্যন্ত ২২টি ম্যাচে তিনি ২৩.৬৫ গড়ে ৪৭৩ রান করেছেন, যার মধ্যে সেরা ইনিংস ছিল ৮২ রানের। ২০২৪ মৌসুমে পাঞ্জাব কিংস তাকে ৮ কোটি রুপিতে দলে নিয়েছিল, তবে পরবর্তী মৌসুমের আগে তাকে ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ মেগা নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকলেও কোনো দল তাকে দলে নেয়নি।
অন্যদিকে পিএসএলে অংশ নিয়ে তিনি আবারও নিজের ফর্মে ফেরার চেষ্টা করছেন। ২০২২ সালে মুলতান সুলতান্সের হয়ে খেলার সময়ও রুসো বলেছিলেন, পিএসএল বিশ্বের সেরা লিগগুলোর একটি। এবার আবারও তিনি দুই লিগের পার্থক্য তুলে ধরে আলোচনার জন্ম দিলেন।
ক্রিকেটবিশ্বে দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে এমন মন্তব্য নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি করেছে।
বিডি-প্রতিদিন/আশফাক