পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে আছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আগের ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর আজও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
আজকের ম্যাচে নাহিদ রানা ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তার আগুনঝরা বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা চাপে পড়ে যান শুরু থেকেই।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। দলের হয়ে ঝলমলে ইনিংস খেলেন কুশল মেন্ডিস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেন্ডিস ৪৮ বলে ৬৪ রান করেন। অধিনায়ক বাবর আজম ৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। এছাড়া মিচেল ব্রেসওয়েল ২১ ও মোহাম্মদ হারিস ১৮ রান যোগ করেন।
জবাবে রান তাড়ায় নেমে লাহোর কালান্দার্স শুরুতেই ধাক্কা খায়। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম প্রথম ওভারেই মোহাম্মদ নাঈমকে ফেরান। এরপর নাহিদ রানা দ্বিতীয় উইকেট শিকার করে লাহোরকে আরও চাপে ফেলেন।
এরপর পেশোয়ারের বোলিং আক্রমণে পুরোপুরি ভেঙে পড়ে লাহোরের ব্যাটিং লাইনআপ। স্পিনার মিচেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে ব্যাটসম্যানরা আর ঘুরে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় লাহোর কালান্দার্স।
পেশোয়ারের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মিচেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম দুজনেই ৩টি করে উইকেট নেন। নাহিদ রানার পাশাপাশি শরিফুল ইসলাম ও আমির জামালও একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেশোয়ার জালমি। নাহিদ রানার টানা ভালো পারফরম্যান্স দলকে শিরোপার লড়াইয়ে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/আশফাক