বৈশাখী উৎসবের আবহে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই ম্যাচে সহযোগিতায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বিকেলে অনুষ্ঠিত ১৫ ওভারের এই খেলায় ৪ উইকেটে জয় পায় যুক্তরাষ্ট্র দূতাবাস দল।
টস ও ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক এস এম সুমন।
প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে বিএসজেএ দল। জবাবে ৩ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র দূতাবাস দল।
জয়ী দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার আল-আমিন। শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিং করে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তামিম ইকবাল, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিএসজেএ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে পারা এবং বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এই আয়োজনের অংশ হতে পারা তাদের জন্য সম্মানের বিষয়। তিনি বৈশাখী উৎসব ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির এই যৌথ আয়োজনকে আনন্দঘন ও স্মরণীয় বলে উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/মুসা