আইপিএলে খেলার জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়ানোর ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসি মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পিএসএল কর্তৃপক্ষ। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানো হয়।
২৯ বছর বয়সী এই ফাস্ট বোলার শুরুতে আইপিএল ও পিএসএল দুই লিগের নিলামেই অবিক্রীত ছিলেন। পরে তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে করা চুক্তি থেকে সরে দাঁড়ান।
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স এর আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি বাতিল করেছিল, যার পরিপ্রেক্ষিতেই মুজারাবানিকে দলে নেয় তারা।
চলমান আইপিএলে ইতোমধ্যেই দুই ম্যাচে অংশ নিয়েছেন মুজারাবানি। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে ৪১ রানে ৪ উইকেট শিকার করে দারুণ পারফরম্যান্স দেখান তিনি।
একই মৌসুমে আরও দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ার স্পেনসার জনসন এবং শ্রীলঙ্কার দাসুন শানাকাও পিএসএলের চুক্তি থেকে সরে এসে আইপিএলে অংশ নিয়েছেন। যদিও তাদের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তাদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে একই ধরনের ঘটনায় দক্ষিণ আফ্রিকার করবিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিএসএল।
পিএসএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে পেশাদারিত্ব বজায় রাখতে অংশগ্রহণকারীদের স্বচ্ছতা ও ধারাবাহিকতা অপরিহার্য। পূর্ববর্তী বাধ্যতামূলক চুক্তি বহাল থাকা অবস্থায় অন্য কোনো লিগে সম্পৃক্ত হওয়া প্রত্যাশিত মানদণ্ডের পরিপন্থী। এ ধরনের আচরণ উপেক্ষা করা হলে চুক্তির নির্ভরযোগ্যতা এবং ফ্র্যাঞ্চাইজি, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থা ক্ষতিগ্রস্ত হয়।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই লঙ্ঘনের গুরুত্ব বিবেচনায় নিয়েই দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
বিডি-প্রতিদিন/আশফাক