ইংলিশ প্রিমিয়ার লিগে বিতর্কিত এক সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চুল টানার অভিযোগে লাল কার্ড দেখানো হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোচ মাইকেল ক্যারিক।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। ম্যাচের ৫৪তম মিনিটে মার্তিনেসের লাল কার্ড ইউনাইটেডকে আরও চাপে ফেলে।
ঘটনার সময় লিডসের ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লেউইনের চুল টানার অভিযোগ ওঠে মার্তিনেসের বিরুদ্ধে। সহকারী ভিডিও রেফারির পরামর্শে মাঠের রেফারি মনিটরে ঘটনাটি দেখে সরাসরি লাল কার্ড দেখান।
ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্যারিক। তিনি বলেন, 'এটি আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি।' তার দাবি, মার্তিনেসের আচরণ কোনোভাবেই আগ্রাসী ছিল না, বরং এটি ছিল সামান্য স্পর্শমাত্র।
তিনি আরও বলেন, 'এখানে কোনো টানাটানি বা ঝাঁকুনি ছিল না। এমন সিদ্ধান্ত খেলার জন্য উদ্বেগজনক।'
অন্যদিকে, ক্যালভার্ট-লেউইন জানান, তিনি চুল টানার অনুভূতি পেয়েছিলেন এবং বিষয়টি রেফারিকে জানিয়েছেন। তবে এ নিয়ে তিনি কোনো ক্ষোভ পুষে রাখেননি।
বিডি প্রতিদিন/এম.এস