বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই পরিষ্কার ইঙ্গিত দিলেন প্রধান কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে সাইফ হাসানকেই দেখা যেতে পারে বলে ধারণা মিলেছে তাঁর কথায়।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ম্যাচেই বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন তানজিদ ও সাইফ। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে অর্ধশতক ও শতক হাঁকিয়ে তানজিদ নিজেকে দলে প্রথম পছন্দের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে সাইফ হাসান তিন ম্যাচে ৪, ১২ ও ৩৬ রান করেন। শুরুতে ব্যর্থতার কারণে শেষ ম্যাচে তাঁর জায়গায় সৌম্য সরকারকে দেখা যেতে পারে বলে ধারণা ছিল। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়ে দেন, ধারাবাহিক সুযোগ দেওয়ার পরিকল্পনা থেকেই পুরো সিরিজে খেলানো হয়েছে সাইফকে।
নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে শতক করে আবারও আলোচনায় এসেছেন সাইফ। এতে করে তাঁর অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
মিরপুরে সংবাদ সম্মেলনে কোচ সিমন্স বলেন, 'আমার মনে হয় বিষয়টি এখন অনেকটাই স্থির। শেষ ম্যাচে আমরা ভালো একটি জুটি পেয়েছি এবং প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে, সে আমাদের চাওয়া জায়গায় পৌঁছাতে শুরু করেছে। তাই আপাতত আমরা এই জুটিতেই থাকছি।'
এদিকে অভিজ্ঞ সৌম্য সরকারও দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। ওয়ানডেতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৪৫ ও ৯১ রানের দুটি কার্যকর ইনিংস খেললেও পাকিস্তান সিরিজে সুযোগ পাননি তিনি।
সৌম্যকে নিয়ে কোচ বলেন, 'সে একজন দারুণ ব্যাটসম্যান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছে। তবে এরপর নিয়মিত খেলার সুযোগ পায়নি। অন্যরা ভালো করায় আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। জায়গা ফিরে পেতে তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।'
সবকিছু বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তানজিদ ও সাইফের জুটিকেই এগিয়ে রাখা হচ্ছে বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা