আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান ছেলে সন্তান জন্মের সুখবর দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, তার পুত্রসন্তানের নাম রাখা হয়েছে আসলান খান।
নবজাতকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রশিদ। ছবিতে একটি কাঠের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হ্যালো পৃথিবী, আমার নাম আসলান খান।’
পোস্টে রশিদ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। পৃথিবীতে স্বাগতম আমার ছোট রাজপুত্র।’ তিনি ভক্তদের কাছে পরিবারের জন্য দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, শুক্রবার আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দারুণ বল করেছেন রশিদ। কলকাতার ক্যামেরন গ্রিন ৭৯ রানের ইনিংস খেললেও ইনিংসের শেষ বলে তাকে আউট করেন রশিদ। এতে কেকেআরের রান থামে ১৮০-এ।
কলকাতার দেয়া ১৮১ রানের লক্ষ্যে শুভমান গিলের ৮৬ রান ও জস বাটলারের কার্যকর ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই জয় পায় গুজরাট টাইটানস। এটি দলের মৌসুমের তৃতীয় জয়।
বিডি-প্রতিদিন/আশফাক