শিরোপা ধরে রাখার লড়াইয়ে দুর্দান্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবার গড়ল আইপিএলের নতুন ইতিহাস। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিজেদের ঘরের মাঠে ১০০তম ম্যাচ খেলেছে বিরাট কোহলিদের দল।
শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে আরসিবি। এই ম্যাচটিই ছিল তাদের ঘরের মাঠে শততম উপস্থিতি। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত আর কোনো দল নিজেদের নির্দিষ্ট ভেন্যুতে ১০০ ম্যাচ খেলতে পারেনি।
বিশেষ এই অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আইপিএলের শুরুর ইতিহাসও। ২০০৮ সালের ঠিক এই দিনেই শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। ১৮ বছর পর একই দিনে নতুন রেকর্ড গড়ে তারা।
এক মাঠে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ খেলেছে তারা। এরপর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছে ৯৫টি ম্যাচ।
এ ছাড়া দিল্লি ক্যাপিটালস অরুণ জেটলি স্টেডিয়ামে খেলেছে ৮৯টি ম্যাচ, আর চেন্নাই সুপার কিংস এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলেছে ৮০টি ম্যাচ।
এক মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখনো মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে। ওয়াংখেড়েতে ৯৫ ম্যাচে ৫৭ জয় পেয়েছে তারা। ইডেন গার্ডেন্সে কলকাতার জয় ৫৪টি এবং চেন্নাই নিজেদের মাঠে জিতেছে ৫৩টি ম্যাচ।
সব মিলিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও মুম্বাইয়ের। এখন পর্যন্ত ২৮২ ম্যাচ খেলেছে তারা। ২৭৭ ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস খেলেছে ২৭১টি করে ম্যাচ।
বিডি প্রতিদিন/এম.এস