আগামীকাল ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ শনিবার সকালে রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে ব্যাটিং সহায়ক উইকেট চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, আর সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটারদের জন্য রান করা উপযোগী উইকেটে খেলার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ইংল্যান্ডে সাধারণত ব্যাটিংবান্ধব উইকেট থাকে, তাই এই সিরিজেও এমন উইকেট চান যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে রান করতে পারবে এবং আত্মবিশ্বাস তৈরি হবে।
তিনি বলেন, 'আমরা চাই ব্যাটিং সহায়ক উইকেট, যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে এবং রান আসবে। রান করার অভ্যাস তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।'
রাজশাহীর উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এই ভেন্যুতে ব্যাটারদের জন্য তুলনামূলক ভালো সুযোগ থাকে এবং বেশি রান হলে দর্শক আগ্রহও বাড়ে।
জ্যোতি আরও বলেন, দেশের ক্রিকেট উন্নয়নে ঢাকার বাইরে নিয়মিত ম্যাচ আয়োজন করা জরুরি। তার মতে, সবকিছু রাজধানীকেন্দ্রিক না করে বিভিন্ন অঞ্চলে খেলা আয়োজন করলে স্থানীয় খেলোয়াড় ও সংগঠকরা আরও উৎসাহিত হবেন।
তিনি বলেন, 'ঢাকার বাইরে মাঠগুলোতে যদি নিয়মিত খেলা হয়, তাহলে যারা ক্রিকেটের সঙ্গে জড়িত তারা আরও বেশি অনুপ্রাণিত হবে। দেশের ক্রিকেট উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।'
বিডি প্রতিদিন/এম.এস