বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে দুই দল।
এ ম্যাচকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত তালিকা অনুযায়ী, পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা করে।
গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা করে। একইভাবে স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সর্বোচ্চ মূল্য।
এরই মধ্যে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড, তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বিডি প্রতিদিন/এম.এস