এফসি বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বড় এক ব্যক্তিগত শোকের মধ্যেও দলের দায়িত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তার বাবাকে হারান।
স্প্যানিশ ও ক্লাব সূত্রে জানা যায়, ম্যাচের আগে সকালেই ফ্লিক ক্লাব ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের নিজের বাবার মৃত্যুর খবর জানান। ড্রেসিংরুমে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেও, দলকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন।
ক্লাব এক শোকবার্তায় জানায়, 'এফসি বার্সেলোনা ও পুরো ব্লাউগ্রানা পরিবার হান্সি ফ্লিকের পিতার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা এই কঠিন সময়ে তার ও তার পরিবারের পাশে আছি।'
এই ম্যাচটি বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলে শিরোপা নিশ্চিত হওয়ার সম্ভাবনাও রয়েছে কাতালান ক্লাবটির।
তীব্র মানসিক চাপে থাকা সত্ত্বেও ফ্লিক ডাগআউটে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাবের খেলোয়াড়রাও কোচের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে তাকে জয় উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন/এম.এস