দীর্ঘ দর-কষাকষি আর টানাপোড়েন শেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পেরেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় আসর শুরু হওয়ার মাত্র ২৭ দিন আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চীন মিডিয়া গ্রুপ’ (সিএমজি)-এর সাথে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে। তবে স্বত্ব বিক্রি থেকে ফিফা যা আয় করতে চেয়েছিল, তার চেয়ে নাটকীয়ভাবে অনেক কম মূল্যে চুক্তিটি করতে হয়েছে।
ফিফা প্রথমে এই স্বত্বের জন্য ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলার দাবি করলেও শেষ পর্যন্ত মাত্র ৬ কোটি (৬০ মিলিয়ন) ডলারে তা বিক্রি করতে বাধ্য হয়েছে বলে চীনের সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। উল্লেখ্য, ৪৮টি দলের এই মেগা টুর্নামেন্টে চীন কোয়ালিফাই করতে পারেনি।
ফিফা জানিয়েছে, সিএমজি-এর সাথে হওয়া এই দীর্ঘমেয়াদি চুক্তিটি ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে, যার আওতায় পুরুষ ও নারী ফুটবলের আগামী দুটি করে মোট চারটি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাবে চীন। এর মধ্যে ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপ অন্তর্ভুক্ত রয়েছে।
বেইজিংয়ের সাথে সময়ের বিশাল ব্যবধানের কারণেই মূলত এবার চীনের বাজারে বড় অঙ্কের দর হাঁকাতে পারেনি ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুর সাথে চীনের সময়ের ব্যবধান সর্বোচ্চ ১৫ ঘণ্টা। ফলে অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচই চীনের দর্শকদের ভোরের আলো ফোটার আগে বা মাঝরাতে দেখতে হবে, যা বিজ্ঞাপন ও দর্শকপ্রিয়তার বাজারে বড় ধাক্কা। তবে সম্প্রচার স্বত্বে আশানুরূপ লাভ করতে না পারলেও স্পন্সরশিপের দিক থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বড় অঙ্কের বিনিয়োগ পাচ্ছে ফিফা। বৈশ্বিক এই টুর্নামেন্টের শীর্ষ আট স্পন্সরের একটি টেক জায়ান্ট লেনোভো; এছাড়া সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে চীনা ডেইরি ফার্ম মেংনিউ এবং ইলেকট্রনিক্স নির্মাতা হাইসেন্স।
আগামী ২০২৬ সালের আসর থেকে ফিফার মোট আয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ২০২৬ সালের বিশ্বকাপ ঘনিয়ে আসলেও দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজার ভারতের সম্প্রচার স্বত্ব এখনো নিশ্চিত করতে পারেনি ফিফা। ২০২৬ সালের পর ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো (উদ্বোধনী তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে)। এছাড়া ২০২৭ সালের নারী বিশ্বকাপ ব্রাজিলে এবং ২০৩১ সালের আসরটি যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: হিন্দু
বিডি প্রতিদিন/আশিক