আইপিএলের লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্যন্ত। জমে উঠেছে প্লে-অফের লড়াই। ১০ দলের টুর্নামেন্টে শীর্ষ চারে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে ৮ দল। বিদায় নিশ্চিত হয়েছে দুই দলের।
দেখে নেওয়া যাক প্লে-অফে খেলতে কোন দলকে কী করতে হবে।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
প্লে-অফে জায়গা করে নিতে সহজ রাস্তা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে শীর্ষে থাকা দলটি বাকি থাকা দুই ম্যাচের একটি জিতলেও নিশ্চিত করবে প্লে-অফ। দুই ম্যাচই জিতলে খেলতে পারবে প্রথম কোয়ালিফায়ারে।
গুজরাট টাইটান্স
১৩ ম্যাচ খেলে ৮ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে গুজরাট। তাদের প্লে-অফে খেলতে জিততে হবে চেন্নাই বিপক্ষে বাকি থাকা ম্যাচটি। অন্যথায় পড়তে হতে পারে সমীকরণের মারপ্যাঁচে।
সানরাইজার্স হায়দরাবাদ
১২ ম্যাচের ৭টিতে জেতা হায়দরাবাদের সামনে সহজ সমীকরণ। চেন্নাই ও আরসিবির বিপক্ষে বাকি দুই ম্যাচ জিততে হবে। একটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।
পাঞ্জাব কিংস
১২ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাবের জন্য বাকি দুই ম্যাচে আরসিবি ও লক্ষ্ণৌ এর বিপক্ষে জিততে হবে। এছাড়াও প্লে-অফে যেতে পারবে তারা। তবে সেক্ষেত্রে রাজস্থান ও চেন্নাইকে বাকি টুর্নামেন্টে জয়হীন থাকতে হবে। প্রার্থনা করতে হবে কলকাতার পয়েন্ট যেন ১১ এর বেশি না হয়। একইভাবে এক ম্যাচ জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে পাঞ্জাবকে।
রাজস্থান রয়্যালস
১১ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া দলটিকে প্লে-অফে খেলতে বাকি থাকা তিন ম্যাচে জিততে হবে। দুইটি বা একটি ম্যাচ জিতলেও থাকবে সুযোগ তবে নির্ভর করতে হবে যদি কিন্তুর উপর।
চেন্নাই সুপার কিংস
সর্বশেষ ম্যাচে লক্ষ্ণৌ এর কাছে হারের পর চেন্নাইয়ের ভাগ্য নিজের হাতে নেই। বাকি দুই ম্যাচ জিতলেও প্লে-অফে খেলতে অন্য ম্যাচের ফল পক্ষে আসতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
কলকাতা নাইট রাইডার্স
গুজরাটকে হারানোর পর ১১ পয়েন্ট হওয়া কেকেআরকে বাকি দুই ম্যাচ জিততে হবে। এরপরও আশা করতে হবে যেন চেন্নাই, পাঞ্জাব, রাজস্থান ও হায়দরাবাদ তাদের টপকে না যায়। সেক্ষেত্রে দুই ম্যাচ জিতলেও বিদায় নিশ্চিত হবে তাদের। একটি ম্যাচ জিতে বাকিদের ফল পক্ষে আসলেও থাকছে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশ।
দিল্লী ক্যাপিটালস
কার্যত প্লে-অফ সম্ভাবনা শেষ হলেও কাগজে-কলমে টিকে আছে আশা। বাকি দুই ম্যাচ জিতলেও ঋণাত্মক ০.৯৯৩ রান রেটের কারণে প্লে-অফে খেলা দিল্লীর জন্য অসম্ভব প্রায়। এছাড়াও তাকিয়ে থাকতে হবে আরসিবি, গুজরাট ও হায়দরাবাদ যেন জিততে থাকে। তবে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর ম্যাচ থাকায় সেটাও সম্ভব নয়।
এরইমধ্যে বিদায় নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
বিডি প্রতিদিন/নাজিম