ঘরের মাঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭৮ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।
এই জয়ে অধিনায়ক হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন শান্ত। এখন পর্যন্ত ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি দলকে এনে দিয়েছেন ৮টি জয়, যা বাংলাদেশের কোনো টেস্ট অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ৭টি জয় ছিল মুশফিকুর রহিমের।
পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের ধারাও বজায় রাখলো বাংলাদেশ। মিরপুর টেস্টে সেঞ্চুরি ও ৮৭ রানের ইনিংস খেলে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন শান্ত, যদিও দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে তেমন উজ্জ্বল ছিলেন না। তবে নেতৃত্বে ছিলেন দৃঢ়।
শান্তর অধিনায়কত্বে বাংলাদেশের প্রথম টেস্ট জয় আসে ২০২৩ সালের ডিসেম্বরে, সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে। এরপর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচেই দাপুটে জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।
এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডসহ একাধিক দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ শান্তর নেতৃত্বে।
বাংলাদেশের টেস্ট অধিনায়কদের তালিকায় শান্তর পরেই আছেন মুশফিকুর রহিম। এরপর রয়েছেন সাকিব আল হাসান (১৯ টেস্টে ৪ জয়) ও মুমিনুল হক (১৭ টেস্টে ৩ জয়)। অন্যদের মধ্যে হাবিবুল বাশার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি ও মেহেদী হাসান মিরাজও অধিনায়ক হিসেবে জয় এনে দিয়েছেন দলকে।
বিডি প্রতিদিন/এম.এস