আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। চোটের কারণে দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।
বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বলা হয়, 'পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ফখর জামান ও সাইম আইয়ুব বিবেচনায় থাকছেন না। পিসিবি দুই খেলোয়াড়ের দ্রুত আরোগ্য কামনা করছে এবং আশা করছে তারা খুব শিগগিরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন।'
তবে দুই ক্রিকেটারের চোটের ধরন বা সেরে ওঠার নির্দিষ্ট সময়সীমা জানায়নি বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে তাদের পুনর্বাসন চলবে।
পিসিবির সূচি অনুযায়ী, ২৩ মে অস্ট্রেলিয়া দল ইসলামাবাদে পৌঁছাবে। ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং শেষ ওয়ানডে ৪ জুন একই ভেন্যুতে।
২০২২ সালের পর এটি পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
তবে ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। গত মার্চে বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
বিডি প্রতিদিন/এম.এস