পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির যুক্তরাজ্যের পাসপোর্ট পেয়ে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন। এতে সাবেক এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার যোগ্যতা অর্জন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম আমির ইনস্টাগ্রামে তার জাতীয়তা পরিবর্তনের বিষয়ে একটি পোস্ট পুনরায় শেয়ার করেন। এর আগেও এই ফাস্ট বোলার আইপিএলে খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ব্রিটিশ নাগরিক নারজিস খানকে বিয়ে করার পর দেশটির নাগরিকত্ব লাভ করেন। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী আমির এর আগে জানিয়েছিলেন,যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন না। তিনি পাকিস্তানের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগের দরজা খোলা রাখেন।
গত বছর পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পেসার ইঙ্গিত দিয়েছিলেন, অদূর ভবিষ্যতে তিনি আইপিএলের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন। তিনি বলেন, আগামী বছরের মধ্যে আমি আইপিএলে খেলার সুযোগ পাব এবং সুযোগ পেলে কেন নয়? আমি আইপিএলে খেলব।
নির্বাচিত হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-তে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন আমির। একই আলোচনায় পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আহমেদ শেহজাদ মন্তব্য করেন, ফ্র্যাঞ্চাইজিটি আমিরের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে, বিশেষ করে তাদের বোলিং আক্রমণকে শক্তিশালী করার ক্ষেত্রে।
উল্লেখ্য,পাকিস্তান ও ভারতের মধ্যে তিক্ত রাজনৈতিক সম্পর্কের কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে অংশগ্রহণ করেছন না। সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদই একমাত্র পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার যিনি ব্রিটিশ নাগরিকত্ব থাকা সত্ত্বেও আইপিএলে খেলেছেন।
বিডি প্রতিদিন/আরকে