দেশের শৌখিন পাখি ও প্রাণীপালন খাতকে আরও প্রাতিষ্ঠানিক ও সংগঠিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২ মার্চ দেশের শীর্ষ পোষা প্রাণীভিত্তিক সংগঠন বাংলাদেশ পাখি, প্রাণী ও জলজ প্রাণী সংঘ এবং জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান অ্যাংরি বার্ডস বিডি পোষা প্রাণী বিপণির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের শৌখিন প্রাণীপালনের ইতিহাসে এটিই প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ যেখানে একটি সংগঠন ও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যৌথভাবে সদস্যভিত্তিক বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শৌখিন পালকদের জন্য মানসম্মত প্রাণিখাদ্য, প্রয়োজনীয় সরঞ্জাম এবং পাখি সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম আরও সহজ ও সাশ্রয়ী হবে।
চুক্তির আওতায় সংগঠনের সদস্যরা ‘পেট পাওয়ার কার্ড’ ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র কিংবা অনলাইন ক্রয়ে বিশেষ মূল্যছাড় ও অগ্রাধিকার সুবিধা পাবেন।
সমঝোতা স্মারকে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহিন হোসেন (প্রিন্স) এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান রাজ স্বাক্ষর করেন। উল্লেখ্য, হাসান রাজ তিনবার সরকারি পদকপ্রাপ্ত এবং একজন খ্যাতিমান পাখি প্রজননকারী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই উদ্যোগ দেশে দায়িত্বশীল পোষা প্রাণী লালন-পালনের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিজ্ঞ প্রজননকারী হাসান রাজের সঙ্গে এই অংশীদারিত্ব শৌখিন প্রাণীপালকদের আস্থা আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/আশফাক