শীতের হিমেল হাওয়া যেমন মনে প্রশান্তি আনে, তেমনি আমাদের ত্বকের জন্য নিয়ে আসে এক চরম রুক্ষতা। তাই এই শীতে ত্বককে সতেজ রাখতে কেবল ময়েশ্চারাইজার মাখলেই হবে না, বরং নজর দিতে হবে ‘স্কিন ব্যারিয়ার’ মেরামতের দিকে। তাই রূপচর্চার পণ্যটি কেনার আগে তার উপাদানের দিকে নজর দিন...
স্কিন ব্যারিয়ার মজবুত রাখতে কার্যকর উপাদান হলো সিরামাইডস। ত্বকের স্বাভাবিক প্রতিরক্ষা স্তরের প্রায় ৫০ শতাংশই এই উপাদান। এটি মূলত ত্বকের কোষগুলোকে আঠার মতো আটকে রাখে, যাতে ভিতর থেকে পানি বের হয়ে যেতে না পারে। এর অভাবে ত্বক কুঁচকে যায়, তাই সিরামাইড সমৃদ্ধ পণ্য ব্যবহারে ত্বকের প্রতিরক্ষা স্তর পুনরায় গঠিত হয়।
সিরামাইডের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে আরও একটি ‘হিরো’ উপাদানের নাম কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরল থাকা ভয়ের হলেও ত্বকের উপরিভাগে এটি অত্যন্ত জরুরি। এটি সিরামাইড ও ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সঠিক অনুপাতে মিলে ত্বককে নমনীয় ও ফ্লেক্সিবল করে তোলে। এর পাশাপাশি যদি আপনার ত্বকে শীতকালীন লালচে ভাব বা জ্বালাপোড়া থাকে, তবে প্যানথেনল হতে পারে সেরা সমাধান। প্রো-ভিটামিন বি৫ নামে পরিচিত উপাদানটি একই সঙ্গে ত্বকে পানি ধরে রাখে এবং যেকোনো প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে ত্বককে শান্ত রাখে।
ত্বকের উজ্জ্বলতা এবং স্থায়িত্ব বাড়াতে নায়াসিনামাইডের জুড়ি নেই। এটি কেবল একটি অ্যান্টি-অক্সিডেন্ট নয়, বরং ত্বকের প্রাকৃতিক সিরামাইড উৎপাদনেও জ্বালানি হিসেবে কাজ করে। ফলে শুষ্ক আবহাওয়ায় ত্বক নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আবার যাঁদের ত্বক খুব বেশি ক্ষতিগ্রস্ত বা একজিমার মতো সমস্যা রয়েছে, তাঁদের জন্য কলয়ডাল ওটমিল হলো আশীর্বাদ। এটি ত্বকের চুলকানি ও জ্বালাপোড়া কমিয়ে আরাম দেয় এবং বাড়তি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে।
সবশেষে জেনে রাখুন ন্যাচারাল ময়েশ্চারাইজিং ফ্যাক্টরস বা NMF-এর কথা। এটি মূলত ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া ও সোডিয়াম পিসিএর মতো একগুচ্ছ উপাদানের সমন্বয়। যখন শীতের তীব্রতায় ত্বকের উপরিভাগের চামড়া উঠতে শুরু করে (Flakiness), তখন এ উপাদানগুলো সরাসরি বাতাস থেকে পানি টেনে ত্বকে ধরে রাখে এবং আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে।
সুরক্ষা কবচ ঠিক রাখতে যা করবেন না
কেবল ভালো উপাদান ব্যবহার করলেই হবে না, স্কিন ব্যারিয়ারকে সুস্থ রাখতে কিছু অভ্যাস ত্যাগ করাও জরুরি। শীতে ত্বক পরিষ্কার করতে গিয়ে অতিরিক্ত স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন করা থেকে বিরত থাকুন। এ ছাড়া অ্যালকোহলযুক্ত টোনার বা কড়া সাবান জাতীয় ফেসওয়াশ এড়িয়ে চলুন, কারণ এগুলো ত্বকের স্বাভাবিক তেল পুরোপুরি কেড়ে নিয়ে ব্যারিয়ারকে আরও দুর্বল করে দেয়।
লেখা : সাদিয়া সারা