ইতিহাস মূলত ‘মানুষের স্বপ্ন, বিশ্বাস, সংগ্রাম আর সৃষ্টিশীলতার এক দীর্ঘ যাত্রার নীরব দলিল’। যার সবচেয়ে জীবন্ত প্রকাশ দেখা যায়- আজকের কিছু বিশেষ শহরে, যেখানে সময় যেন থেমে নেই, আবার পুরোপুরি এগিয়েও যায়নি। এই ঐতিহাসিক শহরগুলো মানব জাতির বিকাশের একেকটি অধ্যায়। কোথাও জন্ম নিয়েছে ধর্ম ও আধ্যাত্মিকতা, কোথাও গড়ে উঠেছে গণতন্ত্র ও দর্শনের ভিত্তি, আবার কোথাও বাণিজ্য, শিল্প ও সাম্রাজ্যের শক্তিতে রচিত হয়েছে ক্ষমতার ইতিহাস। শহরগুলো শুধু অতীতের স্মারক নয়; তারা আজও জীবন্ত- আধুনিক ক্যাফে, ব্যস্ত সড়ক বা প্রযুক্তির আলোছায়ার পাশে দাঁড়িয়ে হাজার বছরের পুরোনো মন্দির, দুর্গ কিংবা প্রাসাদ- যেন অতীত-বর্তমান একে অপরের সঙ্গে নীরবে কথা বলছে। আর ভ্রমণপিপাসুদের কাছে এগুলো যেন একেকটি টাইম মেশিন...
ইতিহাস কখনো নীরব নয়; পৃথিবীর কিছু শহর আছে, যাদের অলিগলি, দেয়াল আর ধ্বংসাবশেষ মানুষের কণ্ঠের চেয়েও বেশি জোরে কথা বলে। সেই শহরগুলোয় হাঁটলে মনে হয়, সময় যেন থেমে নেই- বরং ধীরে ধীরে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন ঐতিহাসিক শহরগুলো মানবসভ্যতার উত্থান, বিশ্বাস, ক্ষমতা আর সংস্কৃতির এক জীবন্ত দলিল।
গঙ্গার তীরে অবস্থিত বারাণসী পৃথিবীর অন্যতম প্রাচীন অবিচ্ছিন্ন জনবসতিপূর্ণ শহর। এখানে জীবন ও মৃত্যুর সহাবস্থান স্বাভাবিক, আর হাজার বছর ধরে চলে আসা আচার-অনুষ্ঠান শহরটিকে দিয়েছে গভীর আধ্যাত্মিক পরিচয়। আর ইউরোপের দিকে তাকালে অ্যাথেন্স দাঁড়িয়ে আছে গণতন্ত্র, দর্শন আর পাশ্চাত্য চিন্তার সূতিকাগার হিসেবে; অ্যাক্রোপলিসের স্তম্ভগুলো আজও সক্রেটিস ও প্লেটোর প্রশ্নের প্রতিধ্বনি বহন করে। অন্যদিকে ইতালির রোম শহর যেন একটি উন্মুক্ত জাদুঘর, যেখানে রোমান সাম্রাজ্য, খ্রিষ্টধর্ম আর রেনেসাঁ যুগ একে অপরের ওপর স্তর হয়ে জমেছে।
প্রাচীনত্বের খোঁজে যখন আমরা মিসরের দিকে তাকাই, তখন লাক্সর আমাদের বিস্মিত করে। খ্রিষ্টপূর্ব ১৪০০ অব্দে প্রতিষ্ঠিত এই শহরটি প্রাচীন মিসরের ধর্মীয় কেন্দ্র ছিল। নীল নদের তীরে কার্নাক মন্দির আর রাজাদের উপত্যকার সেই রহস্যময় সমাধিগুলো আজও ফারাওদের স্বর্ণালি যুগের কথা স্মরণ করিয়ে দেয়। এরই পাশাপাশি আলেকজান্দ্রিয়া শহরটি তার নিমজ্জিত ফ্যারোস বাতিঘর আর হারানো গ্রেট লাইব্রেরির দীর্ঘশ্বাস নিয়ে আজও পর্যটকদের টানে। নীল জলরাশির নিচে মিশে যাওয়া আলেকজান্দ্রিয়ার সেই প্রাচীন সভ্যতা আজও আধুনিক মানুষের কাছে এক বড় রহস্য।
ইতিহাসের এই পথ ধরেই দেখা মিলবে তুরস্কের ইস্তাম্বুলের। সিল্ক রোড বা রেশম পথের শেষ গন্তব্য এই শহরটি এশিয়া ও ইউরোপের সেতুবন্ধন। দুই মহাদেশের মেলবন্ধনের জন্য খ্যাত শহরটি প্রাচীন বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে এর প্রতিটি ইটে মিশে আছে রাজকীয় আভিজাত্য। হাজিয়া সোফিয়া থেকে শুরু করে ব্লু মস্ক কিংবা তোপকাপি প্যালেস- সবই যেন এক অভূত মিশ্র সংস্কৃতির জীবন্ত দলিল।
প্রাচ্যের দিকে তাকালে জাপানের কিয়োটো শহরটি আমাদের স্বাগত জানায়। এক হাজার বছরেরও বেশি সময় ধরে জাপানের রাজধানী থাকা এই শহরটি আজও দেশটির সংস্কৃতির ধারক। দুই হাজারের বেশি বৌদ্ধমন্দির আর শিন্টো মাজারের এই শহরে সোনালি প্যাভিলিয়ন আর গিয়ন জেলার গিশা সংস্কৃতি পর্যটকদের এক প্রশান্তিময় ভ্রমণের অভিজ্ঞতা দেয়। আবার চীনের বেইজিং শহরটি গত তিন হাজার বছর ধরে তার মহিমা ধরে রেখেছে। মিং রাজবংশের তৈরি ‘ফরবিডেন সিটি’ বা নিষিদ্ধ শহর আজও মানুষের কল্পনাকে আবিষ্ট করে। আধুনিক আকাশচুম্বী ভবনের আড়ালে বেইজিংয়ের প্রাচীন হুতং বা অলিগলিগুলো আজও হারিয়ে যাওয়া সময়ের গল্প বলে। পবিত্রতার খোঁজে যারা ছোটেন, তাদের জন্য জেরুজালেম হলো এক আধ্যাত্মিক রাজধানী। তিনটি প্রধান ধর্মের মিলনস্থল এই শহরটি তার প্রাচীন দেয়াল আর ডোম অব দ্য রকের সোনালি গম্বুজ নিয়ে আজও বিশ্ববাসীর কাছে এক পরম বিস্ময়।
দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় অবস্থিত কুসকো শহরটি ইনকা সাম্রাজ্যের গৌরবগাথা তুলে ধরে। ইনকাদের নিপুণ পাথরের কাজের ওপর নির্মিত স্প্যানিশ ভবনগুলো এই শহরের এক অদ্ভুত মিশ্র ইতিহাস তুলে ধরে। এটিই মাচু পিচু যাওয়ার প্রবেশদ্বার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এর কাছেই অবস্থিত ইকুয়েডরের কিটো শহরটি স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্যের এক সংরক্ষিত স্বর্গ। বিষুবরেখার ওপর দাঁড়িয়ে থাকা এই শহরটি যেন আধুনিক আর প্রাচীনের এক চমৎকার মেলবন্ধন। কম্বোডিয়ার জঙ্গলে ঘেরা সিয়াম রিপ শহরটি খেমের সাম্রাজ্যের হারানো আভিজাত্য ফুটিয়ে তোলে। ১২শ শতাব্দীর আংকর বাট মন্দিরের গায়ে খোদাই করা কারুকাজ স্মরণ করিয়ে দেয় যে, এক সময় এখানেও উন্নত শিল্পমনা সভ্যতা ছিল।
মরক্কোর ফেজ শহরটি যেন ইতিহাসের এক গোলকধাঁধা। গাড়িমুক্ত এই মধ্যযুগীয় শহরের মেদিনার সরু পথে হাঁটলে মনে হবে সময় যেন সেখানে শত শত বছর আগে থমকে গেছে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আর সুগন্ধি মসলার বাজারে আজও সেই পুরোনো দিনের আমেজ পাওয়া যায়। ঠিক একইভাবে কিউবার হাভানা শহরটি তার নস্টালজিক আবেদন নিয়ে পর্যটকদের মুগ্ধ করে। ১৯৫০-এর দশকের পুরোনো গাড়ি আর স্প্যানিশ স্থাপত্যের হাভানা শহরটি আজও বিপ্লবী চেতনার এক জীবন্ত সাক্ষী। লন্ডনের টেমস নদীর তীরে তাকালে দেখা যায় দুই হাজার বছরের ইতিহাসের পরত। রোমান প্রাচীর থেকে শুরু করে টাওয়ার অব লন্ডনের রাজকীয় রহস্য- সবই শহরটিকে বৈচিত্র্যময় করে তুলেছে। ভারতের দিল্লি শহরটিও কম নয়; মোগল থেকে ব্রিটিশ শাসনামল পর্যন্ত অসংখ্য সাম্রাজ্যের উত্থান-পতন এই শহরের প্রতিটি ধূলিকণায় মিশে আছে।
শান্তির খোঁজে আমরা যেতে পারি লাওসের লুয়াং প্রাবাং শহরে, যেখানে ফরাসি ঔপনিবেশিক ভিলার পাশে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। কুয়াশাচ্ছন্ন সকালে ভিক্ষুদের সারিবদ্ধ যাত্রা এই শহরকে এক স্বর্গীয় রূপ দেয়। শেষে কেনিয়ার প্যাট দ্বীপের দিকে তাকাই। তবে সেখানে খুঁজে পাব এক পরিত্যক্ত সোয়াহিলি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। ট্রপিক্যাল বনের ভিতর হারিয়ে যাওয়া সেই প্রাচীন বন্দর আর পাথরের দেয়ালগুলো ভারত মহাসাগরীয় বাণিজ্যের এক ভুলে যাওয়া অধ্যায়কে জাগিয়ে তোলে। এই প্রতিটি ঐতিহাসিক শহর কেবল স্থাপত্যই দেখায় না, বরং মানুষের টিকে থাকার লড়াই, উদ্ভাবনী শক্তি এবং সংস্কৃতির বিবর্তন সম্পর্কে জ্ঞান দান করে। যার প্রতিটি পাথর-ধ্বংসাবশেষ পূর্বপুরুষদের পদচিহ্ন বহন করে চলেছে।
পশ্চিমা সভ্যতার জন্মভূমি ‘অ্যাথেন্স’
ইউরোপের ইতিহাসের হৃদস্পন্দন যেন গ্রিসের রাজধানী অ্যাথেন্স। পাহাড়, সমুদ্র আর নীল আকাশের মাঝে দাঁড়িয়ে থাকা এই শহরটি কেবল একটি আধুনিক নগরী নয়, বরং সভ্যতার জন্মকথার জীবন্ত দলিল। সকালের আলোয় যখন অ্যাক্রোপলিসের ওপর সূর্য ওঠে, তখন মার্বেলের স্তম্ভগুলো যেন হাজার বছরের দর্শন আর গণতন্ত্রের গল্প নতুন করে বলতে শুরু করে। অ্যাথেন্স সেই শহর, যেখানে মানুষের চিন্তা প্রথমবারের মতো মুক্তভাবে প্রশ্ন করতে শিখেছিল। সক্রেটিসের প্রশ্ন, প্লেটোর একাডেমি আর অ্যারিস্টটলের যুক্তি- সবকিছুর শিকড় ছড়িয়ে আছে এই নগরীর মাটিতে। প্রাচীন অ্যাগোরার পথে হাঁটলে কল্পনায় ভেসে ওঠে নাগরিকদের তর্কবিতর্ক, যেখানে রাষ্ট্র, ন্যায় আর মানুষের ভূমিকা নিয়ে গড়ে উঠেছিল পাশ্চাত্য চিন্তার ভিত্তি। পার্থেননের বিশালতা শুধু স্থাপত্যের কীর্তি নয়, মানুষের সৌন্দর্যবোধ আর বুদ্ধির আত্মবিশ্বাসের প্রতীক। গণতন্ত্র ও দর্শনের সূতিকাগার অ্যাথেন্সের ইতিহাস প্রায় ৭০০০ বছরের পুরোনো। সময় বদলেছে, সাম্রাজ্য এসেছে-গেছে, তবু অ্যাথেন্স তার আত্মা হারায়নি। আধুনিক ক্যাফে আর ব্যস্ত সড়কের পাশেই দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষ, যেন অতীত আর বর্তমান একই ফ্রেমে বন্দি। সন্ধ্যার আলোয় পাহাড়চূড়া থেকে শহরটিকে দেখলে বোঝা যায়, ইতিহাস এখানে জাদুঘরে আটকে নেই, বরং দৈনন্দিন জীবনের সঙ্গী।

ইতালির রোম শহর। এক নামেই ধরা পড়ে তার হাজার বছরের ইতিহাস। এখানকার প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে কোনো না কোনো সম্রাটের গল্প বা রেনেসাঁ যুগের শিল্পীর তুলির টান
রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ‘রোম’
ইতালির রোম শহরকে বলা হয় চিরন্তন নগরী- একটি নামেই যেন ধরা পড়ে তার হাজার বছরের অহংকার ও ইতিহাস। টাইবার নদীর তীরে গড়ে ওঠা শহরটি কেবল ইতালির রাজধানী এবং এক সময়ের বিশাল সাম্রাজ্যের হৃদয়, যার ছায়া আজও পড়ে ইউরোপের সংস্কৃতি ও রাজনীতির ওপর। রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে রোম ৩ হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখানকার প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে কোনো না কোনো সম্রাটের গল্প বা রেনেসাঁ যুগের শিল্পীর তুলির টান। এখানকার অলিগলিতে হাঁটতে হাঁটতে মনে হয়, প্রতিটি পথের নিচে লুকিয়ে আছে আরেকটি সময়, আর প্রতিটি পাথর কোনো না কোনো গল্প বহন করে চলেছে। কলসিয়ামের বিশাল কাঠামো দাঁড়িয়ে আছে প্রাচীন রোমানদের শক্তি, বিনোদন আর নিষ্ঠুরতার স্মারক হয়ে। ফোরাম রোমানামের ধ্বংসস্তূপে কল্পনায় ভেসে ওঠে সেনেটের বিতর্ক, বিজয় মিছিল আর নাগরিক জীবনের ব্যস্ততা। এখানেই গড়ে উঠেছিল আইন, প্রশাসন ও নগর ব্যবস্থার এমন ভিত্তি, যা আজও আধুনিক বিশ্বকে প্রভাবিত করে। সময়ের সঙ্গে সঙ্গে রোম বদলেছে কিন্তু তার স্তরগুলো মুছে যায়নি। কেননা এটি শুধু প্রাচীনতার নয়, শিল্প ও বিশ্বাসের শহর। রেনেসাঁসের শিল্পীরা এখানে তাদের শ্রেষ্ঠ কাজ রেখে গেছেন, আর ভ্যাটিকান নগরী রোমকে দিয়েছে আধ্যাত্মিক মর্যাদা।

কায়রো আর লাক্সর একসঙ্গে মিসরের ইতিহাসকে পূর্ণতা দেয়। একটি শহর সভ্যতার ধারাবাহিকতা দেখায়, আর অন্যটি তার উৎসের গভীরতা...
কায়রো ও লাক্সর, মিসর
ফারাওদের পদচিহ্ন মিসর মানেই পিরামিড আর রহস্যময় মমি। তবে নীল নদের তীর ধরে দাঁড়িয়ে থাকা কায়রো ও লাক্সর যেন প্রাচীন মিসরের দুই অধ্যায়- একটি কোলাহলের, অন্যটি গাম্ভীর্যের। কায়রোর কাছে গিজার মালভূমিতে অবস্থিত বিশাল পিরামিডগুলো হাজার বছর ধরে মানুষের কাছে এক অমীমাংসিত বিস্ময়। ইসলামি কায়রোর মসজিদ, মিনার আর বাজারে ঘুরলে বোঝা যায়, ফারাওদের পরেও এই শহর জ্ঞান, ধর্ম আর বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল। কায়রো এমন এক নগরী, যেখানে আধুনিক জীবন আর প্রাচীন ঐতিহ্য একই সঙ্গে প্রবাহিত। অন্যদিকে লাক্সরকে বলা হয় ‘বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর’। অর্থাৎ দক্ষিণের লাক্সর শহরটি যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক বিশাল জাদুঘর। এক সময়ের থিবস নগরী ছিল প্রাচীন মিসরের ধর্মীয় রাজধানী, আর আজও তার গাম্ভীর্য অক্ষুণœ। কার্নাক ও লাক্সর মন্দিরের বিশাল স্তম্ভগুলো দেবতা ও রাজাদের প্রতি মানুষের বিশ্বাসের সাক্ষ্য দেয়। নদীর পশ্চিম তীরে অবস্থিত রাজাদের উপত্যকায় পাহাড়ের বুকে খোদাই করা সমাধিগুলোতে ফারাওদের পরলোকের প্রস্তুতির নিঃশব্দ গল্প লুকিয়ে আছে।

প্রাচীন সভ্যতার সৌন্দর্য, নৈপুণ্য এবং আধ্যাত্মিকতা এখনো জীবন্ত হয়ে থাকা সম্ভব। আর সিয়াম রিপ যেন সেই জীবন্ত ইতিহাসের এক অনন্য ঠিকানা...
সিয়াম রিপ, কম্বোডিয়া
হারিয়ে যাওয়া খমের সাম্রাজ্য জঙ্গলের গভীর থেকে জেগে ওঠা আংকর বাট হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা। ১২শ শতাব্দীতে নির্মিত এই মন্দির কমপ্লেক্সটি খমের সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন, যেখানে ইতিহাসের স্তরগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে একটি জাদুকরী ভ্রমণ তৈরি করেছে। শহরটি জঙ্গলে ঘেরা, আর এর চারপাশে ছড়িয়ে আছে আংকর প্রত্নতাত্ত্বিক পার্কের অসংখ্য মন্দির, যার মধ্যে আংকর বাট বিশ্বের অন্যতম খ্যাতনামা নিদর্শন। মন্দিরগুলোতে খোদাই করা পাথরের দেয়াল, ভাস্কর্য ও বৃষ্টির ছোঁয়ায় কেবল ইতিহাস নয়, প্রাচীন সভ্যতার শিল্প-কৌশলের নিখুঁত সাক্ষ্য ফুটে উঠেছে। প্রতিটি স্থাপত্য যেন এক জীবন্ত গল্প বলে, যেখানে দেবতা, রাজা এবং সাধারণ মানুষের জীবনধারা মিলেমিশে একাকার হয়েছে। এখানকার বাজার, রেস্তোরাঁ ও সরু গলিপথ মানুষের দৈনন্দিন জীবনকেও ইতিহাসের অংশ মনে হয়। স্থানীয়দের উৎসব, নৃত্য ও সংগীতে খম সংস্কৃতির ছোঁয়া রয়েছে। ভোরের আলোয় আংকর বাটের নেমে যাওয়া সূর্যের আভা মন্দিরকে সোনালি করে তোলে, আর সন্ধ্যার নরম আলো ধূসর পাথরের ছায়া যেন গোপন রহস্য ছড়িয়ে দেয়।

গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি হিন্দুধর্মের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। এর ঘাটে ভোরের নৌকাভ্রমণ এবং সন্ধ্যায় ‘গঙ্গা আরতি’ দেখা এক অপার্থিব অভিজ্ঞতা। এখানকার সরু গলিগুলো মধ্যযুগীয় ভারতের কথা মনে করিয়ে দেবে...
বারাণসী, ভারত
সভ্যতার অবিচ্ছিন্ন ধারা বারাণসী বা কাশী বিশ্বের অন্যতম প্রাচীন নিরবচ্ছিন্ন জনবসতিপূর্ণ শহর। গঙ্গার তীরে বসে থাকা বারাণসীকে কাশী নামেও ডাকা হয়- শুধু একটি শহর নয়, যেন সময়ের বুকের ভিতর গেঁথে থাকা এক অনন্ত স্মৃতি। এখানে সকাল শুরু হয় শঙ্খধ্বনি আর মন্দিরের ঘণ্টায়, আর সন্ধ্যা নামে আরতির আলোয়। এই শহরটি হিন্দুধর্মের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। বলা হয়, এই শহরটি ভগবান শিবের ত্রিশূলের ওপর দাঁড়িয়ে আছে। খ্রিস্টপূর্ব ১১শ শতাব্দীতে এর গোড়াপত্তন। শহরটির অলিগলিতে হাঁটলে মনে হয়, প্রতিটি ইটের ভাঁজে জমে আছে হাজার বছরের গল্প। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, এই শহরে মৃত্যু মানেই মোক্ষের দ্বার খুলে যাওয়া। তাই জীবনের শেষ সময়টুকু কাটাতে আজও বহু মানুষ ছুটে আসেন কাশীতে। গঙ্গার ঘাটগুলো কেবল নদীতে নামার সিঁড়ি নয়; এগুলো যেন জীবনের জন্ম, যাপন আর বিদায়ের নীরব সাক্ষী। ভারতের বিখ্যাত বারাণসী জ্ঞান ও সংস্কৃতিরও এক তীর্থভূমি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাস্ত্রীয় সংগীতের ঘরানা- প্রাচীনতম শহরটির সবখানেই এর প্রভাব স্পষ্ট। শিক্ষা, সংস্কৃতি এবং বিশেষ করে রেশম বাণিজ্যের জন্য ভারতের এই শহরটি মোগল আমল থেকেই জগৎখ্যাত।

দুই মহাদেশের সেতুবন্ধন ইস্তাম্বুলের আকাশরেখা মসজিদের মিনার আর গির্জার গম্বুজ দিয়ে সাজানো। হাজিয়া সোফিয়া এই শহরের ইতিহাসের সেরা উদাহরণ- যা গির্জা থেকে মসজিদে এবং পরে জাদুঘরে রূপান্তরিত হয়েছিল
ইস্তাম্বুল, তুরস্ক
দুই মহাদেশের সেতুবন্ধন বিশ্বের একমাত্র শহর যা এশিয়া এবং ইউরোপ- দুই মহাদেশে বিস্তৃত। বসফরাস প্রণালির নীল জলে ঘেরা এই শহরটি ইতিহাসের পাতায় কখনো বাইজান্টাইন, কখনো কনস্টান্টিনোপল, আবার কখনো অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে উজ্জ্বল হয়ে উঠেছে। সময় বদলালেও ইস্তাম্বুলের আত্মা বদলায়নি; বরং প্রতিটি যুগ তার নিজস্ব ছাপ রেখে গেছে এই শহরের শরীরে। ভোরের আজানে যখন মিনারগুলো কেঁপে ওঠে, তখন কাছেই শোনা যায় গির্জার ইতিহাস আর প্রাসাদের নীরবতা। হাজিয়া সোফিয়া ইস্তাম্বুলের সবচেয়ে জীবন্ত প্রতীক, যেখানে একসঙ্গে ধরা পড়ে খ্রিষ্টীয় বাইজান্টাইন শিল্প আর ইসলামি স্থাপত্যের গাম্ভীর্য। নীল মসজিদের গম্বুজ আর তোপকাপি প্রাসাদের অলিগলি অটোমান সুলতানদের ক্ষমতা, রাজকীয়তা আর রহস্যের গল্প শোনায়। গ্র্যান্ড বাজারের ভিড়ে হাঁটলে বোঝা যায়, বাণিজ্য কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরকে বাঁচিয়ে রেখেছে। রেশম পথের অন্যতম গন্তব্য এই শহরটি সংস্কৃতি আর ঐতিহ্যের এক বিরল মিলনস্থল। ঐতিহাসিক এই শহরটির ইতিহাস কোনো জাদুঘরে আটকে নেই; ইস্তাম্বুলে অতীত আর বর্তমান একই রাস্তায় হেঁটে চলে, একে অন্যের গল্প ভাগ করে নেয়।

কুসকো, পেরু
ইনকা সাম্রাজ্যের নাভি আন্দিজ পর্বতমালায় অবস্থিত কুসকো ছিল এক সময়ের প্রতাপশালী ইনকা সাম্রাজ্যের রাজধানী। এই নগরীকে ইনকারা বলত ‘তাওয়ান্তিনসুয়ু’-এর নাভি, অর্থাৎ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। আজও কুসকোয় প্রাচীন সভ্যতার নিঃশ্বাস ঠিক পাশেই অনুভব করা যায়। পেরুর বিখ্যাত শহরটি যেন দক্ষিণ আমেরিকার ইতিহাসের এক জীবন্ত দরজা। শহরটির সবচেয়ে বিস্ময়কর দিক- এর স্থাপত্যের স্তরবিন্যাস। স্প্যানিশরা এই শহর দখল করার পর অনেক ইনকা প্রাসাদের ওপর তাদের গির্জা নির্মাণ করেছিল, ফলে এখানে ইনকা ও স্প্যানিশ স্থাপত্যের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। ইনকা পাথরের ওপর দাঁড়িয়ে থাকা স্প্যানিশ ভবন, যেন দুই সভ্যতার ইতিহাস রচিত করেছে। সূর্যদেব ইন্তিকে উৎসর্গ করা কোরিকানচা মন্দির এক সময় ইনকাদের আধ্যাত্মিক কেন্দ্র ছিল, যার ভিত্তির ওপর পরে গড়ে উঠেছে খ্রিষ্টান চার্চ। শহরের উঁচু প্রান্তে অবস্থিত সাকসাইহুয়ামান দুর্গের নিখুঁত কার্য আর কোথাও মিলবে না।

কিয়োটো, জাপান
জাপানের ইতিহাস ও সাংস্কৃতিক হৃৎপি- কিয়োটো শহর। এক হাজার বছরেরও বেশি সময় ধরে জাপানের সাম্রাজ্যিক রাজধানী হিসেবে গড়ে ওঠা এ নগরী আজও অতীতের সৌন্দর্য আর শৃঙ্খলাকে যত্ন করে আগলে রেখেছে। আধুনিকতার ঝলক থাকা সত্ত্বেও কিয়োটো যেন ধীরে হাঁটা এক শহর, যেখানে সময়ের গতি অন্যরকমভাবে অনুভূত হয়। কিয়োটোর পথে চোখে পড়ে শত শত বৌদ্ধমন্দির আর শিন্তো উপাসনালয়, যা জাপানি আধ্যাত্মিকতার পরিচয় বহন করে। কাঠের স্থাপত্য, কাগজের দরজা আর শান্ত বাগান মিলিয়ে তৈরি হয়েছে এক সংযত নান্দনিকতা, যেখানে ফাঁকা জায়গাও সৌন্দর্যের অংশ। কিনকাকুন্ডজি মন্দিরের স্বর্ণাভ প্রতিবিম্ব পানির ওপর ভেসে ওঠে যেন ধ্যানের এক নিঃশব্দ মুহূর্ত, আর ফুশিমি ইনারির লাল তোরি গেটের সারি পাহাড়ের গায়ে ইতিহাসের পথ তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অনেক শহর ধ্বংস হয়ে গিয়েছিল, তখন এর ঐতিহাসিক গুরুত্বের কারণে একে রক্ষা করা হয়েছিল।

জেরুজালেম, ইসরায়েল
তিন ধর্মের পবিত্র ভূমি জেরুজালেমের মতো আবেগপ্রবণ এবং আধ্যাত্মিক শহর বিশ্বে আর দ্বিতীয়টি নেই। ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান- এই তিন প্রধান ধর্মের মানুষের কাছেই এটি পরম পবিত্র স্থান। পাহাড়ে ঘেরা এই শহরটি ইতিহাস, বিশ্বাস আর আবেগের এক গভীর সংযোগস্থল। পৃথিবীর খুব কম শহরই আছে, যেখানে একটি পাথর ছুঁলেও মনে হয় হাজার বছরের প্রার্থনা আর অশ্রু একসঙ্গে জমে আছে। জেরুজালেমের সংকীর্ণ পথের বাঁকে বাঁকে তিনটি প্রধান ধর্মের ইতিহাস পাশাপাশি দাঁড়িয়ে আছে। ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের প্রাচীন মন্দিরের শেষ স্মৃতি, মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক আধ্যাত্মিকতার প্রতীক, আর চার্চ অব দ্য হোলি সেপালকার খ্রিষ্টানদের কাছে যিশুর জীবনের শেষ অধ্যায়ের সাক্ষ্য বহন করে। জেরুজালেম কেবল ধর্মীয় তীর্থভূমি নয়; এটি সভ্যতার দীর্ঘ লড়াইয়ের ময়দানও। রোমান, বাইজেন্টাইন, ইসলাম ও অটোমানদের চিহ্ন শহরের দেয়াল ও স্থাপত্যে থরে থরে সাজানো।