
বিশ্বজুড়ে জেন-জি বিপ্লব ও তারুণ্যের উত্থান
২০২৫ সালজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজপথ কাঁপিয়েছে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন। দুর্নীতি, অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণরা নেপাল থেকে মাদাগাস্কার পর্যন্ত সরকারকে চ্যালেঞ্জ জানায়। কোথাও সরকার পতন, কোথাও সংস্কারে বাধ্য করা- তবে অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি পট পরিবর্তন অধরা থেকে যায়।
ইন্দোনেশিয়া : বছরের শুরুতেই বেকারত্ব, কর্মী ছাঁটাই, শিক্ষা ব্যয় বৃদ্ধি ও উচ্চ করের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়। ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে ১০ মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের চাপে আগস্টে শ্রমমন্ত্রীকে অপসারণে বাধ্য হয় সরকার। কেনিয়া : উচ্চ কর ও প্রস্তাবিত অর্থ বিলের বিরুদ্ধে জুনে নতুন করে জোরালো হয় জেন-জি আন্দোলন। পুলিশি সহিংসতা, অপহরণ ও হেফাজতে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ আরও তীব্র হয়। কঠোর দমনের পরও জীবনযাত্রার ব্যয় ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ অব্যাহত থাকে। ফিলিপিন্স : সেপ্টেম্বরের শুরু থেকে দুর্নীতির অভিযোগে জড়িত আইনপ্রণেতা ও কর্মকর্তাদের বিচার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বন্যা ব্যবস্থাপনায় অনিয়ম আন্দোলনের মূল ইস্যুতে পরিণত হয়। বছর শেষ হচ্ছে ঠিকই, কিন্তু আন্দোলন এখনো চলমান।
নেপাল : সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে সেপ্টেম্বরের মাঝামাঝি ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়। দুর্নীতি ও বেকারত্বের ক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন; অন্তর্বর্তী সরকার ২০২৬ সালে নির্বাচনের ঘোষণা দেয়। পেরু : রাজনৈতিক অস্থিতিশীলতা ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। ধারাবাহিক এই বিক্ষোভের মুখে পড়ে অক্টোবরে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অভিশংসিত হন। মরক্কো : সরকারি ব্যয়নীতি ও দুর্নীতির বিরুদ্ধে সেপ্টেম্বরের শেষ দিকে ছাত্র আন্দোলন শুরু হয়। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবহেলার অভিযোগে তিন মাস ধরে চলা বিক্ষোভে দেশ উত্তাল থাকে। মাদাগাস্কার : পানি ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আন্দোলন শুরু হয়। দুর্নীতি ও দুর্বল শাসনের অভিযোগ ওঠে পরিস্থিতি চরমে পৌঁছায়, অক্টোবরে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশত্যাগ করেন। মেক্সিকো : নভেম্বরে অপরাধ দমন ব্যর্থতার প্রতিবাদে মাসব্যাপী আন্দোলন হয়। রাজধানী ও সর্বোচ্চ আদালতেও হামলার ঘটনা ঘটে; প্রেসিডেন্টের পদত্যাগের দাবি ওঠে। বুলগেরিয়া : কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে নভেম্বরের শেষে বিক্ষোভ শুরু হয়। ডিসেম্বরেই সরকার পদত্যাগে বাধ্য হলেও সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের দাবিতে আন্দোলন অব্যাহত। বছরের শেষে আন্দোলন অনেক দেশে স্তিমিত হলেও ২০২৫-এর ১৩-২৮ বয়সি এ প্রজন্ম স্পষ্ট করে দেয় বিশ্ব রাজনীতিতে জেন-জি এখন শক্তিশালী বাস্তবতা।

বছরজুড়ে সংঘাত, আছে শান্তির বার্তাও
রাশিয়া-ইউক্রেন : ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২৫ সালেও থামেনি। তিন বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ, ধ্বংস হয়েছে অবকাঠামো ও জনপদ। একাধিকবার যুদ্ধবিরতির আলোচনা হলেও স্থায়ী সমাধান অধরাই থেকে যায়।
ইসরায়েল-গাজা : মধ্যপ্রাচ্যে আলোচনার কেন্দ্রে ছিল ইসরায়েল ও হামাসের সংঘাত। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর দীর্ঘ টানাপোড়েন শেষে ২০২৫ সালের ১৫ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ। ১৯ জানুয়ারি থেকে তা কার্যকর হয়, যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি।
ভারত-পাকিস্তান : পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও অবনতি ঘটে। সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক দূরত্ব বাড়ে। একই সঙ্গে যুদ্ধ থামানোর দাবিতে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব ঘিরে বিতর্ক চলে।
পাকিস্তান-আফগানিস্তান : তালেবান মন্ত্রীর ভারত সফরের পর পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের অবনতি স্পষ্ট হয়। বাণিজ্য পথ বন্ধ থাকে, উত্তেজনাও কাটেনি।

নাসার সুপারসনিক বিমান
শব্দের কারণে যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় বিমান চালানো নিষিদ্ধ। আবার এই বিমানে যাত্রী পরিবহন করাও নিষেধ। এই সমস্যা দূর করতে একটি প্রায় শব্দহীন বিমান তৈরি করেছে নাসা ও লকহিড মার্টিন কোম্পানি। মূলত যখন কোনো বিমান, রকেট বা বস্তু এই গতির চেয়ে দ্রুত চলে, তখন তাকে বলা হয় সুপারসনিক। বিশেষ এই বিমানের নাম এক্স-৫৯। ২৮ অক্টোবর ২০২৫ যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ার পামডেলে লকহিড মার্টিনের স্কাস্ক ওয়ার্কস ফ্যাসিলিটি থেকে প্রথমবারের মতো এটি আকাশে ওড়ে। প্রচলিত সনিক বুমের বদলে এটি খুব হালকা ‘থাম্প’ ধরনের শব্দ করে। এমন নকশার কারণ, শকওয়েভের আকার বদলে দেয় এই আকৃতি। ফলে সুপারসনিক গতিতে উড়লেও জোরালো সনিক বুম তৈরি করে না।

নতুন মেয়র পেয়েছে নিউইয়র্ক সিটি
৪ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জোহরান মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। ১ জানুয়ারি ২০২৬ তিনি দায়িত্ব গ্রহণ করবেন। জোহরান মামদানি নিউইয়র্কের ১১১তম ও দ্বিতীয় কনিষ্ঠ মেয়র। ১০০ বছরের মধ্যে তিনি হলেন- নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র। এর আগে নিউইয়র্কের কনিষ্ঠ মেয়র ছিলেন হিউ জন গ্রান্ট। নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডিনকিন্স। ১৮ অক্টোবর ১৯৯১ সালে জোহরান মামদানি উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী রামা দুয়াজি সিরীয় বংশোদ্ভূত। তিনিও নিউইয়র্কে সর্বকনিষ্ঠ ও প্রথম জেন-জি ফার্স্ট লেডি।

গাজায় গণহত্যা : জাতিসংঘের স্বীকৃতি
আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো এক প্রতিবেদনে উল্লেখ করে জাতিসংঘের গঠন করা আন্তর্জাতিক স্বাধীন কমিশন। এর আগেও ১২ জুন ২০২৪ সালে একটি প্রতিবেদন দেয় কমিশন। সেখানে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলে উল্লেখ ছিল। তখন এটি গণহত্যা হিসেবে ঘোষণা করা হয়নি। নতুন এ প্রতিবেদনে বলা হয় ৭ অক্টোবর ২০২৩ হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত গণহত্যামূলক পাঁচ ধরনের কর্মকান্ডের চারটিই গাজায় সংঘটিত হয়েছে।

ইউরোজোনের ২১তম সদস্য
১ জানুয়ারি ২০২৬ বুলগেরিয়া লেভ মুদ্রা ত্যাগ করে ২১তম সদস্য দেশ হিসেবে ইউরো চালু করে। ২৬ জুন ২০২৫ ইউরোপীয় ইউনিয়নের (ইউ) অর্থমন্ত্রীদের বৈঠকে বুলগেরিয়াকে ইউরো গ্রহণের জন্য চূড়ান্ত ছাড়পত্র দেয়। ফলে ৬৫ লাখ জনসংখ্যা নিয়ে বুলগেরিয়া ইউরোপের ২১তম সদস্য রাষ্ট্র হবে। এ উদ্যোগ ইইউর সবচেয়ে দরিদ্র দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। গত জুনে ইউরোপীয় কমিশনের অনুমোদনের পর ইউরোয় যোগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সংসদে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তা ছাড়া ১ জানুয়ারি ২০০৭ বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। এর আগে, ১ জানুয়ারি ২০২৪ দেশটি ইউরো গ্রহণের ইচ্ছা প্রকাশ করে।

নাসার প্রথম নারী প্রশাসক
২০ জানুয়ারি ২০২৫ জ্যানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসার নেতৃত্ব দেবেন। ১৯৫৮ সালে নাসা যাত্রার পর থেকে কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি। তিনি নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হন। নিউইয়র্কে ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক নেন।

কমনওয়েলথ মহাসচিব
২৬ অক্টোবর ২০২৪ কমনওয়েলথের সপ্তম ও দ্বিতীয় নারী মহাসচিব নির্বাচিত হন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে। ১ এপ্রিল ২০২৫ তিনি ষষ্ঠ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের স্থলাভিষিক্ত হন। ২৮ জানুয়ারি ২০১৭-৭ জানুয়ারি ২০২৫ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একজন কমনওয়েলথ মহাসচিব সর্বোচ্চ দুই মেয়াদে চার বছর দায়িত্ব পালন করতে পারেন।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী
৪ অক্টোবর ২০২৫ জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (LDP) দলীয় প্রধান (সভাপতি নির্বাচন হন সানায়ে তাকাইচি। সাধারণত জাপানের ক্ষমতাসীন দলের প্রধানই প্রধানমন্ত্রী হন। ২১ অক্টোবর ২০২৫ তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল।

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক
৩ জুলাই ২০২৫ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন জাতীয় প্রতীক হিসেবে ‘সোনালি ঈগল’ উন্মোচন করেন। নতুন জাতীয় পরিচয়ের অংশ হিসেবে পূর্বের বাজপাখির পরিবর্তে এবার প্রতীক স্থান পায় সোনালি ঈগল। প্রতীকের মাথায় রয়েছে তিনটি তারকা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। ঈগলের লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল- উত্তর, পূর্ব, পশ্চিম দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে। আর ডানার ১৪টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে।

পর্বতও এখন মানুষ!
৩০ জানুয়ারি ২০২৫ নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইনিভাবে মাউন্ট তারানাকি বা তারানাকি মাউঙ্গা জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসেবে স্বীকৃতি পায়। নতুন আইন অনুযায়ী, তারানাকি মাউঙ্গার মানুষ সত্তার নাম দেওযা হয় ‘তে কাহুই তুপুয়া’। নিউজিল্যান্ড বিশ্বে প্রথম দেশ, যেখানে প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

নীল নদে মেগা বাঁধ
ইথিওপিয়ার উত্তর-পশ্চিমে নীল নদের ওপর ২ এপ্রিল ২০১১ সালে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। বাঁধটির নাম দেওয়া হয় ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধ’ (GERD)। একে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। বাঁধটি ১ কিমি প্রশস্ত। উচ্চতা ৪৭৫ ফুট। এর সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ৭ হাজার ৪০০ কোটি কিউবিক মিটার। ২১ জুলাই ২০২০ বাঁধের জলধারাটিতে জল ভর্তির প্রক্রিয়া শুরু হয়। ২০ ফেব্রুয়ারি ২০২২ প্রথমবারের মতো বিদ্যুৎশক্তি উৎপাদন শুরু করে। ৯ সেপ্টেম্বর ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দুর্যোগও ছিল আলোচনায়
হংকং : হংকংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়। ধোঁয়া, আতঙ্ক ও দগ্ধ ভবনের দৃশ্য বিশ্বজুড়ে শোক ও উদ্বেগ তৈরি করে। আফগানিস্তান : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারান ১ হাজারের বেশি মানুষ। মানবিক সংকট আরও গভীর হয়। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া : ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। চীনেও বন্যার বড় প্রভাব পড়ে। আর সবশেষে- আফ্রিকা (ইথিওপিয়া) : ইথিওপিয়ায় প্রায় ১২০০ বছর পর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নতুন করে আতঙ্ক ছড়ায়।

সুনীতার পৃথিবীতে ফেরা
এত অস্থিরতার মধ্যেও স্বস্তির খবর আসে মহাকাশ থেকে। নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফেরেন। ত্রুটিপূর্ণ (ইড়বরহম ঝঃধৎষরহবৎ) যানে আট দিনের মিশন গিয়ে দাঁড়ায় ৯ মাসে। শেষ পর্যন্ত ইলন মাস্কের স্পেস এক্স ক্যাপসুলে ফোরিডার উপকূলে নিরাপদ স্পø্যাশডাউন তাঁদের ফেরা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তায় ইতি টানে।

UNGA-এর প্রেসিডেন্ট
২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) পঞ্চম নারী প্রেসিডেন্ট নির্বাচন হন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোক। তিনি জার্মান থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে এ পদে নিযুক্ত হন। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ বায়েরবোক এক বছরের মেয়াদে ৮০তম জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিশ্বকাপের মাসকট ও বল
১১ জুন-১৯ জুলাই ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ২৫ সেপ্টেম্বর ২০২৫ বিশ্ব ফুটবল ফেডারেশন (ফিফা) ঐক্য, বৈচিত্র্য ফুটবল আবেগের বার্তা দিয়ে ২০২৬ বিশ্বকাপের মাসকট উন্মোচন করে। তিন দেশের জন্য থাকছে তিনটি আলাদা মাসকট। নাম দেওয়া হয় ম্যাপর দ্য মুজ, জাদু দ্য জাগুয়ার ও ক্লাচ দ্য বাল্ড ঈগল। ২ অক্টোবর ২০২৫ নিউইয়র্কের ব্রুকলিন পার্কে উন্মোচিত হয় ২০২৬ ফিফা বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’। এর নকশা তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বলটি ডিজাইন করে অ্যাডিডাস।

যাদের হারিয়েছি পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস (১৭ ডিসেম্বর ১৯৩৬-২১ এপ্রিল ২০২৫) : রোমান ক্যাথলিকদের ধর্মগুরু। তার আসল নাম জর্জ মারিও বারগোগ্লিও। ১৩ মার্চ ২০১৩ পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নগুমি ওয়া থিয়োঙ্গো (৫ জানুয়ারি ১৯৩৮-২৮ মে ২০২৫) তিনি ছিলেন আদিবাসী আফ্রিকান ভাষায় সাহিত্যচর্চার বিরল লেখকদের একজন। উপনিবেশবাদের জটিল উত্তরাধিকার নিয়ে প্রবন্ধ, নাটক ও উপন্যাস লিখেছেন।
প্রিন্স করিম আগা খান (১৩ ডিসেম্বর ১৯৩৬-৪ ফেব্রুয়ারি ২০২৫) : শিয়া ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম প্রিন্স করিম আগা খান। ১১ জুলাই ১৯৫৭ তার দাদা স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খানের কাছ থেকে উত্তরাধিকারী হিসেবে শিয়া ইসমাইলিয়া মুসলিমদের ইমাম নিযুক্ত হন। বিশ্ব স্থাপত্যে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বার্ষিক আগা খান আর্কিটেকচার পুরস্কার প্রদান করা হয়। তা ছাড়া অন্যদের মধ্যে বিদায় নেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, ফ্রান্সের কট্টর ডানপন্থি নেতা জ্যঁ-মারি ল্য পেন, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, উরুগুয়ের হোসে মুজিকা ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামা। পরিবেশবাদী ও প্রাইমেট গবেষক জেন গুডল, অ্যাপোলো-১৩
অভিযানের কমান্ডার জিম লাভেল ও ডিএনএ আবিষ্কারক জেমস ওয়াটসন এ বছর মারা যান।
সাহিত্য ও শিল্পাঙ্গনে নোবেলজয়ী লেখক মারিও ভার্গাস ইয়োসা, নাট্যকার টম স্টপার্ড, লেখক নগুগি ওয়া থিয়ংও, ফ্রেডরিক ফরসাইথসহ অনেকে। হলিউড তারকা রবার্ট রেডফোর্ড, ডায়ান কিটন, ডেভিড লিঞ্চ, জিন হ্যাকম্যান, ভ্যাল কিলমার ও অজি অসবোর্ন, ব্রায়ান উইলসনসহ বহু কিংবদন্তি বিদায় নেন।
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শুল্কনীতি
বছরের শুরুতেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। চীনের ওপর ১০০ শতাংশ এবং ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপ করেন তিনি। ভারতের ক্ষেত্রে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়ায় এবং যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়।
গ্লোবাল গভর্ন্যান্স ইনস্টিটিউট
১ সেপ্টেম্বর ২০২৫ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বৈশ্বিক ব্যবস্থার নাম দিয়েছেন বৈশ্বিক শাসনাব্যবস্থা উদ্যোগ (এএও)। এর প্রস্তাবিত মূল লক্ষ্য-ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক ও টেকসই নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলা। এটি তিনটি বৈশ্বিক উদ্যোগের পর, মানব সমাজের সম্মুখ সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের আরেকটি সামগ্রিক সমাধান। এর পাঁচটি নীতি হলো- সব রাষ্ট্রের সার্বভৌমত্বের সমতা, আন্তর্জাতিক আইন মেনে চলা, বহুপক্ষীয় সহযোগিতা, জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ।
বিমসটেকের শীর্ষ সম্মেলন
৪ এপ্রিল ২০২৫ থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্য দেশগুলো ব্যাংকক ভিশন ২০৩০ এবং ‘ব্যাংকক ঘোষণা’ গ্রহণ করে। এতে দারিদ্র্যদূরীকরণ, বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল কানেক্টিভিটি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সম্মেলনের আগে ৩ এপ্রিল ২০২৫ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে, ২০২২ সালে কলম্বোয় পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার
১২ ডিসেম্বর ২০১৫ প্যারিসে জলবায়ু চুক্তি গৃহীত হয় আর কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬। চুক্তিটির ২৮.১ ধারা অনুযায়ী কোনো দেশ চুক্তি কার্যকরের তিন বছর পর জাতিসংঘের মহাসচিব বরাবর লিখিত আবেদনের মাধ্যমে নিজেকে প্রত্যাহার করতে পারে। আবেদন করার এক বছর পর তা কার্যকর হয়। ৪ নভেম্বর ২০১৯ প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেদের সম্পূর্ণ প্রত্যাহার করার আবেদন করে।
ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম
সোনার দাম ২০২৫ সালের শেষ দিকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ২০২৫ সালের ডিসেম্বরে এক ট্রয় আউন্স সোনার দাম সর্বোচ্চ ৪৫০০ ডলারের ওপরে ওঠে, যা ইতিহাসে অপরিবর্তিত সর্বোচ্চ স্থায়ী দাম হিসেবে রেকর্ড হয়েছে। এই মূল্য ২৩ +ডিসেম্বরের ট্রেডিং দিনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়।