গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব এবং তাদের আদর্শ অনুসরণ করে দেশ গড়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ