লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) লাশ এক মাস পর দেশে পৌঁছেছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরসালেপুর গ্রামে ঘোড়ার গাড়িতে করে তাঁর লাশ আনা হয়। হৃদয়বিদারক এ দৃশ্যে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিপালীর লাশবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন দিপালীর বাবা শেখ মোকা, বড় ভাই শেখ ওবায়দুল্লাহ এবং ছোট বোন লাইজু আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন দিপালী বেগম। পরে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের আর্থিক সংকট দূর করতে কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান এবং সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের উদ্যোগে দিপালীর লাশ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে পৌঁছলে ভোর হওয়ার অপেক্ষা করা হয়।