রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক তল্লাশিকালে এক হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন।
আটক ব্যক্তির নাম আরিফুল সাগর (৩০)। এয়ারপোর্ট থানার তথ্য অনুযায়ী, তিনি প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) রাতে এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামায়। এ সময় তার কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন। পাশাপাশি তার আচরণে সন্দেহজনক অস্থিরতা লক্ষ্য করা যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে প্রকৃত মালিকের তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে তাকে আটক করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯। পরে তাকে মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ