বিশ্বজুড়ে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির ভক্ত রয়েছেন কোটি কোটি। কিন্তু তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা পেশায় চা বিক্রেতা শিবে পাত্র। ২০১১ সালে মেসির কলকাতা সফরের আগে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল-সাদার সাজে সাজিয়েছিলেন নিজ বাড়ি। সেই থেকেই প্রতিবছর জাঁকজমকভাবে মেসির জন্মদিন পালন করে আসছেন শিবে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বুধবার (২৪ জুন) ৩৯ পাউন্ডের কেক কেটে, ৩৯ রকমের খাবার দিয়ে, ৩৯ রকমের মিষ্টি দিয়ে মেসির ৩৯ তম জন্মদিন উদযাপন করেছেন শিবে।
এছাড়া, ইছাপুর নবাবগঞ্জ এলাকা নীল-সাদা বেলুন ও নীল-সাদা পতাকায় মুড়ে ফেলা হয়। পুরোহিত ডেকে মেসির স্ট্যাচুতে পুজো দিয়ে শঙ্খধ্বনি বাজিয়ে তাকে আশীর্বাদ করেন। এরপর মেসির প্রতিকৃতির সামনে তুলে দেওয়া হয় সারি সারি খাবার।
মূলত আর্জেন্টিনার ফ্যান্স ক্লাবের নামে অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শিবে পাত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ডিসেম্বরে তিনি তার স্বপ্নের নায়ক মেসির সঙ্গে দেখা করেছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন। ফলে তার স্বপ্নপূরণ হয়ে গেছে। যে কারণে মেসি খেলা ছেড়ে দিলে তিনিও তার জন্মদিন পালন করা বন্ধ করে দেবেন।
এদিকে, শিবে পাত্রের স্ত্রী স্বপ্না পাত্র ও মেয়ে নেহা পাত্র দাস উভয়ই মেসির শুভকামনা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
বিডি প্রতিদিন/কেএ