চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক রেফারিং বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। লিওনেল মেসির লাল কার্ডের অপরাধ সত্ত্বেও বুকিং না পাওয়া নিয়ে তুমুল সমালোচনার পর এবার নতুন করে বিতর্ক তৈরি হলো ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচকে কেন্দ্র করে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ঘানার ফরোয়ার্ড প্রিন্স কোয়াবেনা আদুকে ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করলেও রেফারি কোনো পেনাল্টির বাঁশি বাজাননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) এই ঘটনায় কোনো হস্তক্ষেপ না করায় ক্ষোভে ফুঁসছে ঘানা শিবির।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে দুর্দান্ত দৃঢ়তা ও সাহসিকতা দেখিয়েছে আফ্রিকান পরাশক্তি ঘানা। ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র হলেও কনসার সেই ফাউলের সিদ্ধান্ত যদি ঘানার পক্ষে যেত, তবে হয়তো ১-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়তে পারত তারা। ম্যাচের ৭৯ মিনিটে এই বিতর্কিত কাণ্ডটি ঘটে যখন ঘানার আদু ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসনের পোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার ডিফেন্ডার কনসা দুই পা বাড়িয়ে আদুকে থামাতে এক বিপজ্জনক ট্যাকল করেন।
এই ঘটনা নিয়ে বিবিসি স্পোর্টসে কথা বলতে গিয়ে সাবেক রেফারি ড্যারেন ক্যান স্বীকার করেছেন, সিদ্ধান্তটি নিজেদের পক্ষে পাওয়ায় ইংল্যান্ড আসলে বেশ ভাগ্যবান। তিনি জানান, কনসার ওই চ্যালেঞ্জ দেখে তাদের বুক কাঁপছিল। একজন ইংল্যান্ড সমর্থক হিসেবে সিদ্ধান্তটি বিপক্ষে না যাওয়ায় তিনি খুশি হলেও সততার খাতিরে মানছেন যে এটি অবশ্যই রেফারির পুনর্বিবেচনা করা উচিত ছিল। ক্যান আরও স্পষ্ট করে বলেন, কনসা বলের সাথে কোনো সংযোগই করতে পারেননি বরং তিনি বাতাসে ভেসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড়কে আঘাত করেন। তার মতে, এটি নিশ্চিতভাবেই একটি পেনাল্টি কিক ছিল।
ভিএআর কেন এই ঘটনায় হস্তক্ষেপ করেনি, তার ব্যাখ্যাও দিয়েছেন এই সাবেক রেফারি। তিনি জানান, বর্তমান টুর্নামেন্টে অন-ফিল্ড রেফারির সিদ্ধান্তকে চরম ভুল না মনে করলে ভিএআর সাধারণত তাতে হস্তক্ষেপ করছে না। আর সেই সুযোগেই পার পেয়ে গেছে ইংল্যান্ড। বিশ্বকাপের 'এল' গ্রুপের শীর্ষ দল হওয়ার দৌড়ে থাকা ইংল্যান্ডকে এই ড্রয়ের মাধ্যমে বড় একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করাল ঘানা। থমাস টুখেলের শিষ্যদের যদি দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে হয়, তবে সামনের ম্যাচগুলোতে তাদের খেলার মান আরও অনেক বাড়াতে হবে।
বিডি প্রতিদিন/এনএইচ