ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের এই ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
কালীগঞ্জের আড়পাড়া এলাকায় নিজ বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান। খবর পেয়ে পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে স্থানীয় নারী ও নেতাকর্মীরা বাধা দেন এবং পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় কালীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়েছে। ওই মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কেএইচটি