গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাদবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাদবরের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার দফা গ্রামের মো. আলি ফকিরের ছেলে মো. এমদাদুল ফকির(৩২) এবং একই জেলার সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা নুরু মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৩২)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহন গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/টিএ