ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার (৮০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে নয়টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বাদ আছর বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সন্তান, চার ভাইসহ অসংখ্য আত্মীয়, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী ছিলেন মো. মনিরুজ্জামান সরদার। তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭৭ ও ১৯৮৪ সালে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালে নগরকান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পরবর্তী সময়ে ২০০৯ সালের তৃতীয় ও ২০০৮ সালের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/কেএ