গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা আগামী দিনগুলোতে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
তীব্র গরমের পাশাপাশি বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং বিশেষ করে দেশের পূর্বাঞ্চলীয় ও পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক মাস এই তীব্র গরম ও আর্দ্র পরিস্থিতি বজায় থাকবে। তবে তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করলেও তা একটানা দীর্ঘ সময় স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সাধারণত দেশের পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
তীব্র এই গরমের মাঝেই সংযুক্ত আরব আমিরাতের কিছু কিছু এলাকায় চলতি সপ্তাহেই বৃষ্টির দেখা মিলতে পারে। স্থানীয়ভাবে ‘রাওয়ায়েহ’ নামে পরিচিত গ্রীষ্মকালীন এই মৌসুমে সাধারণত পরিচলন মেঘের সৃষ্টি হয়, যা থেকে বজ্রঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে।
আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত উচ্চ তাপমাত্রা, বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং পাহাড়ের ভৌগোলিক অবস্থানের কারণেই এসব মেঘের সৃষ্টি হয়। এবারের বৃষ্টিপাত মূলত দেশের পূর্বাঞ্চল এবং পাহাড়ি এলাকাগুলোতেই বেশি কেন্দ্রীভূত থাকবে। অবশ্য আবুধাবি, দুবাই বা শারজাহর মতো বড় শহরগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রায় সামান্য স্বস্তি আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনএইচ