গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন ওই স্বামীর প্রথম স্ত্রী ও মেয়ে।
মঙ্গলবার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন প্রধান আসামি নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের ভুক্তভোগীর স্বামী রতন মিয়া (৪৮), তার সহযোগী প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) ও মেয়ে রুনা আক্তার (২০)।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, গত শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে রুমা আক্তার (৩২) তার ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় পূর্বের পারিবারিক বিরোধের জেরে অভিযুক্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ৭ মার্চ নিহতের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় ৮ ও ৯ মার্চ সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী সময়ে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে তিনি রতন মিয়াকে বিয়ে করেন। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্বামী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন। রুমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/এমই