বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাংলা নববর্ষকে বরণ করে নিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী চলছে নানা সাংস্কৃতিক আয়োজন।
বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে জেলা প্রশাসনসহ উদীচী শিল্পী গোষ্ঠী, নবাঙ্কুর, কলতান কঁচিকাচার মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
বিডি-প্রতিদিন/টিএ