ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সিটি কর্পোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন, ফি পরিশোধ, নবায়ন, অনুমোদন গ্রহণ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে স্থানীয় কার্যালয়ে বারবার যেতে হবে না এবং সেবা প্রদানে বিলম্বও কমে আসবে।
সম্প্রতি সংসদে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার চুক্তির হালনাগাদ এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
মন্ত্রী জানান, বিদ্যমান চুক্তিগুলোর কার্যকারিতা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ শিল্প সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় ভূমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক যোগাযোগ এবং প্রয়োজনীয় অনুমোদন আগাম প্রস্তুত রাখা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।
তিনি আরও বলেন, বিনিয়োগ-সম্পর্কিত বিভিন্ন সংস্থার অনুমোদন, যাচাই ও পরামর্শ প্রক্রিয়া আরও সহজ ও সমন্বিত করা হবে। এসব কার্যক্রমের অগ্রগতি অনলাইনের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াও অনলাইনভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তার মতে, এতে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই কার্যকরভাবে সম্পন্ন হবে।
এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬ সালের জানুয়ারিতে ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চারটি ব্যাংক—রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এছাড়া সাতটি সিটি কর্পোরেশন—রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত।
সমঝোতা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলো তাদের সেবা ব্যবস্থা বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করবে। এর ফলে উদ্যোক্তারা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত উপায়ে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং অন্যান্য আর্থিক ও সিটি কর্পোরেশন-সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে পারবেন।
সর্বশেষ সংযোজনের ফলে বিডার ওএসএস পোর্টালের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৫২টিতে পৌঁছেছে। এ উদ্যোগকে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ