মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনায় নিন্দা ও গভীর শোক জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। গতকাল দূতাবাসের এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দূতাবাস জানায়, এসব হামলায় নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ফিলিস্তিন রাষ্ট্র এই ক্ষতিতে বাংলাদেশের জনগণের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, ৮ এপ্রিল হামলার ঘটনায় গুরুতর আহত হন দীপালি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মারা যান। তার বাড়ি ফরিদপুরে।