গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ভিক্ষুকের ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে। পুলিশ লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় তার ব্যাগে আবুল হোসেন নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র অনুযায়ী আবুল হোসেনের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে জাতীয় পরিচয়পত্রটি ওই ভিক্ষুকের কি না নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিটি ভিক্ষাবৃত্তি করতেন। সারা দিন ভিক্ষাবৃত্তি শেষে সোমবার রাতে শ্রীপুরের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমাতে যান। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীপুর থানা পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মৃতের ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সব সময় নিজের কাছেই রাখতেন।
শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গের জাতীয় পরিচয়পত্রটি মৃত ভিক্ষুকের কি না যাচাই ও নিহতের স্বজনদেরও খোঁজ করা হচ্ছে।
প্রকৃত স্বজন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে টাকা ও লাশ হস্তান্তর করা হবে।