নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সর্বসাধারণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভট্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিদ্যালয়ের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী বটবৃক্ষের নিচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ভবিষ্যতে সোনারগাঁয়ে বাংলা নববর্ষ উদযাপন আরও বর্ণাঢ্য ও উৎসবমুখর হবে।
সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজন সোনারগাঁবাসীর মধ্যে নতুন বছরের আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
বিডি-প্রতিদিন/টিএ